দিল্লিতে শুরু ডিএ-র দাবিতে ধর্না, ভালো চোখে দেখছে না নবান্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

দিল্লিতে শুরু ডিএ-র দাবিতে ধর্না, ভালো চোখে দেখছে না নবান্ন

 


নয়াদিল্লি: ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ডিএ-র দাবিতে ধর্না কর্মসূচি ঘোষণা করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তার অনুমতি আগেই মিলছিল এবং সেই প্রেক্ষিতেই এদিন তাদের ধর্না শুরু হল রাজধানীতে। দু’দিনের এই ধর্না কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে দু’দফায় দিল্লি পৌঁছেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ও স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতেই এই ধর্না। 

আরও পড়ুন: DA: মিলেছে অনুমতি, দিল্লিতে হচ্ছে ডিএ-র দাবিতে নিয়ে ধর্না

দীর্ঘ সময় ধরেই ডিএ-র দাবিতে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ ঘোষণা করলেও তাতে বিক্ষোভ কিছু কমেনি উলটে বেড়েছে। সম্প্রতি আবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের চোর-ডাকাত বলে কটাক্ষ করেছেন। তাতে বিক্ষোভের আগুনে ঘি পড়েছে। এই আবহে সরাসরি দিল্লিতে গিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে আন্দোলন জাতীয় স্তরে বিষয়টিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। যদিও নবান্ন এটিকে একদমই ভালোভাবে নিচ্ছে না। সূত্রের খবর, যারা যারা দিল্লিতে ধর্না দিতে গিয়েছেন সেইসব সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। 


জানা গিয়েছে, মোট ৫০০ জন সরকারি কর্মচারী দিল্লিতে ধর্না কর্মসূচিতে যোগ দিয়েছেন। আন্দোলনকারীদের তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, বর্তমানে ৬ শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৬ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু সরকারের তরফে ৩ শতাংশ ডিএ ঘোষণার পর স্পষ্ট বলা হয়েছে যে আর ডিএ দেওয়া সম্ভব নয়। ডিএ-র দাবিতে কর্মবিরতি পালন হয়েছে, ধর্মঘটও পালন করেছেন বিক্ষোভকারীরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন