আবার এক অতিমারী গ্রাস করতে পারে বিশ্বকে! ভয়ঙ্কর দাবি গবেষকদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

আবার এক অতিমারী গ্রাস করতে পারে বিশ্বকে! ভয়ঙ্কর দাবি গবেষকদের

 


নয়াদিল্লি: করোনা সংক্রমণ আরও একবার উদ্বেগের দিকে নিয়ে যাচ্ছে সকলকে। বিগত কয়েকদিনে লাগাতার বৃদ্ধি পেয়েছে ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা। দেখতে দেখতে শুক্রবার তা ১১ হাজার টপকে গিয়েছে। বলাই বাহুল্য, ভারত ছাড়াও অন্যান্য একাধিক দেশে কোভিড চিন্তা বাড়িয়েছে। এরই মধ্যে ভয়ানক এক আশঙ্কা প্রকাশ করে রিপোর্ট দিয়েছে লন্ডনের এক স্বাস্থ্য বিশ্লেষক ফার্ম। তারা জানাচ্ছে, আবার একবার অতিমারীর মুখে পড়তে পারে বিশ্ব এবং তা খুব দ্রুতই হতে পারে। 

আরও পড়ুন: টানা পাঁচ দিন দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১১ হাজার পার কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত ২৯

‘এয়ারফিনিটি লিমিটেড’ নামের এই ফার্ম জানাচ্ছে, আগামী দশকে ফের একবার অতিমারী হওয়ার সম্ভাবনা প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। তবে সেটা যে করোনা অতিমারী হবে, এমনটা নয়। বলা হয়েছে, একাধিক ভাইরাসের বাড়বাড়ন্তের ফলে আবার একটি আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর সবথেকে বড় কারণ হবে, আন্তর্জাতিক ভ্রমণের পরিমাণ এবং জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক সৃষ্ট ভাইরাসের ফলেই মূলত এমন অবস্থা তৈরি হওয়ার উপক্রম আছে। কিন্তু এই পরিস্থিতি এড়ানো যাবে কী ভাবে? এই স্বাস্থ্য বিশ্লেষক ফার্মের বক্তব্য, অতিমারী ছড়াচ্ছে এমন অবস্থা বুঝতে পারলেই ভ্যাকসিন বানানোর কাজ শুরু করে দিতে হবে। চেষ্টা করতে হবে ১০০ বা ১৫০ দিনের মধ্যে প্রতিষেধক তৈরি করার। 

উল্লেখ্য, ভারতের কোভিড পরিস্থিতি কিন্তু সুখকর দিকে আর নেই। শুক্রবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৯। টানা ৫ দিন দেশে করোনা সংক্রমণের হার একই ভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৯ জন কোভিড আক্রান্তের। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। সেখানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন