শ্রীনগর: উপত্যকায় ফের ভায়াবহ জঙ্গি হামলা৷ নিশায় ভারতীয় সেনা৷ ফের ঝরল রক্ত৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার রাজৌরি সেক্টরে নিরাপত্তাবাহিনীর ট্রাক লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড হামলা চালায় জঙ্গীরা৷ প্রাণ হারান রাষ্ট্রীয় রাইফেলসের ৫ জওয়ান৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই হামলার পিছনে রয়েছে পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হাত৷ ঘটনার তদন্তের ভার সঁপা হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে।
এদিন ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিল সেনা ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিবাহিনী গ্রেনেড হামলা চালায়। রাজৌরি সেক্টরের ভিম্বারে বৃহস্পতিবার বিকেলে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল৷ ফলে দৃশ্যমানতা কমে যায়৷ আর সেই সুযোগেই জঙ্গিরা হামলা চালায় বলে জানান জম্মুর প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ৷ সেনার গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে তারা। এদিকে, আগামী মাসের ২২ থেকে ২৪ তারিখ শ্রীনগরে রয়েছে জি২০-র পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক৷ আন্তর্জাতিক সম্মেলনের আগে পাক মদতে পুষ্ট জঙ্গি গোষ্ঠী পরিকল্পিত ভাবে উপত্যকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বলেই কেন্দ্রের ধারণা।
জঙ্গি হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা বাহিনী৷ জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। গুরুতর আহত এক জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ যদিও প্রথমিক ভাবে বিষয়টি ‘জঙ্গি হামলা’ বলে চিহ্নিত করা হয়নি। মনে করা হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের জেরে সেনা ট্রাকে আগুন ধরে যায়৷ দ্রুত অকুস্থলে পৌঁছন ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডাররা৷ কিন্তু ততক্ষণে আগুনে ঝলসে গিয়েছেন পাঁচ জওয়ান৷ পরে উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে নিহত জওয়ানদের নাম প্রকাশ করা হয়৷ তাঁরা হলেন হাবিলদার মনদীপ সিং, ল্যান্সনায়েক দেবাশিস বসওয়াল, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাহি হরকিসান সিং এবং সিপাহি সেবক সিং। রাজৌরির গ্যারিসন হাসপাতালে সেনাদের দেহ নিয়ে আসা হয়েছে৷ এই ঘটনার পরেই নিহতদের পরিবারকে শোকবার্তা পাঠান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার যে এলাকায় জঙ্গিরা সেনা ট্রাকের উপর হামলা চালায়, সেই অঞ্চলটি বরাবরই পাক জঙ্গিরা ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে এসেছে। সেনার কাছে খবর ছিল, এই একালায় সন্দেহজনক জঙ্গিদের আনাগোনা শুরু হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, এখানে ঘন জঙ্গল রয়েছে। একাধিক প্রাকৃতিক গুহা রয়েছে। প্রাকৃতিক বৈচিত্রকে কাজে লাগিয়ে সহজেই জঙ্গিরা লুকিয়ে পড়তে পারে। এই এলাকার উপর দিয়েই গিয়েছে জম্মু, পুঞ্চ হাইওয়ে৷ এদিনের ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে সেনা ট্রাক৷ যা অত্যন্ত মর্মান্তিক৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন