ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! কোথায়, কবে স্বস্তির বৃষ্টি, কী বলছে আবহাওয়া অফিস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! কোথায়, কবে স্বস্তির বৃষ্টি, কী বলছে আবহাওয়া অফিস

 

কলকাতা: চৈত্রের শেষ থেকেই দহন-জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের মানুষ৷ হাঁসফাঁস করা পরিস্থিতি কাটায়ে গত সোমবার অবশেষে নামে স্বস্তির বৃষ্টি৷ এর পর থেকে অনেকটাই নেমেছে  পারদ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হ্রাস পেয়েছে তাপমাত্রা। তবে বুধবার সকাল থেকেই বেশ গরম ভাব৷ ফের কি বাড়বে তাপমাত্রা? এরই মধ্যে সুখবর দিন আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৩ থেকে ৪ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ অর্থাৎ বুধবার থেকেই বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে৷ বৃষ্টিতে ভিজবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর৷ বৃষ্টি হবে উত্তরবঙ্গের নীচের জেলা মালদহের বিভিন্ন প্রান্তেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গেও। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ 

বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। কলকাতা এবং হাওড়া, হুগলিতেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ 

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার সমান। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন