নয়াদিল্লি: ক্রিকেট দুনিয়ায় চর্চার কেন্দ্রে এখন রিঙ্কু৷ কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর ধুন্ধুমার ব্যাটিং সকলের নজর কেড়েছে৷ ম্যাচ জেতানো ইনিংসের পর ক্রিকেট দুনিয়ার বেশ প্রশংসা কুড়িয়েছেন রিঙ্কু সিং। এ বার বিরাট কোহলির মুখে উঠে এল কেকেআর-এর এই ক্রিকেটারের নাম। শুধু তাঁর নামই নিলেন না, রিঙ্কুকে নিজের থেকে এগিয়েই রাখলেন বিরাট। তিনি নাকি কখনও স্বপ্নেও রিঙ্কুর মতো শট খেলার কথা ভাবতে পারেন না।
আইপিএলের ডিজিটাল সম্প্রচারকারী মাধ্যমে একটি সাক্ষাৎকারে রিঙ্কুর প্রসঙ্গ তুলে আনেন বিরাট। তিনি বলেন, ‘‘নবাগত তরুণ ক্রিকেটারদের খেলা দেখে খুব ভাল লাগছে। সে দিন রিঙ্কু ৫ বলে ৫টা ছক্কা হাঁকাল। আমি আগে এ রকম বিধ্বংসী ব্যাটিং দেখিনি। ৫ বলে ৫ ছয় মেরে ম্যাচ জেতানো প্রায় অসম্ভব। রিঙ্কু সেটাই করেছে। আমি তো স্বপ্নেও ওর মতো খেলতে পারব না।’’
এমন খেলা দেখার পর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী বিরাট। আইপিএলের প্রশংসা করেই বিরাট বলেন, ‘‘আইপিএলে প্রতি বছর নতুন নতুন ক্রিকেটার উঠে আসছে। তাদের মধ্যে অনেকেই ভারতের হয়ে খেলার সুযোগ পাচ্ছে। এই যে একটা প্রতিযোগিতা চলছে, এতে ক্রিকেটারদের খেলার মান আরও উন্নত হচ্ছে।’
আইপিএলের চলতি মরশুমে প্রথম ম্যাচ বাদ দিলে বেশ ছন্দেই রয়েছেন রিঙ্কু। কোহলিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পরে হায়দরাবাদের বিরুদ্ধেও অর্ধশতরান করেন কেকেআর-এর এই ব্যাটার। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তাঁর চওড়া ব্যাট৷ তাতে কী! বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তাঁর প্রশংসায় পঞ্চমুখ৷ এটাই বা কম কী!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন