কলকাতা: মেঘ সরতেই ফের বাড়তে শুরু করেছে গরমের ভাব৷ ফের কি সইতে হবে আগুনের হলকা? উষ্ণতা নিয়ে যখন চিন্তায় রাজ্যবাসী, তখন সুখবর শোনাল হাওয়া অফিস৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামবে বঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে শহর কলকাতাতেও। সকাল থেকেই আকাশ মেঘলা৷ বেলা বাড়লে হালকা বৃষ্টি ঝরবে কলকাতায়।
বৃহস্পতিবার তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷
হাওয়া অফিস জানাচ্ছে, স্থানীয় বজ্রগর্ভ মেঘের উপস্থিতির জেরেই বৃহস্পতিবার অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার এবং শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে৷ তেমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷
আজ বৃহস্পতিবার এবং আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন