রামনবমীর পুনরাবৃত্তি চাইছে না লালবাজার, হনুমান জয়ন্তীর আগে গুচ্ছ নির্দেশিকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

রামনবমীর পুনরাবৃত্তি চাইছে না লালবাজার, হনুমান জয়ন্তীর আগে গুচ্ছ নির্দেশিকা

 



কলকাতা: রাজ্যে সাম্প্রতিক সময়ে যে অশান্তির ঘটনা ঘটেছে তা থেকে শিক্ষা নিল কলকাতা পুলিশ। গত বৃহস্পতিবার রামনবমীর দিন হাওড়া, রিষড়ায় ব্যাপক হিংসার ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুর থেকে শুরু করে, আগুন লাগানো, পুলিশের সঙ্গে মারপিট, সব ধরনের ঘটনাই ঘটেছিল। সেই আঁচ এখনও বহাল আছে। তা থেকে শিক্ষা নিয়েই এবার হনুমান জয়ন্তীর জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করতে হলে সব নিয়ম মানতে হবে। 


বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার। তাতে হনুমান জয়ন্তী নিয়ে স্পষ্ট বলা হয়েছে, যে কোনও মিটিং-মিছিলের জন্য উদ্যোক্তাদের আগাম অনুমতি নিতে হবে পুলিশের থেকে। এছাড়া পুলিশের অনলাইন পোর্টালে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। শুধু তাই নয়, ওই ফর্মে উল্লিখিত যাবতীয় শর্ত রক্ষা করার প্রতিশ্রুতি দিতে হবে উদ্যোক্তাদের। তবেই অনুমতি মিলবে। পাশাপাশি কোন রাস্তা দিয়ে মিছিল যাবে, মিছিলে কত জন থাকবেন, আয়োজক সংস্থার নাম, সব তথ্য বিশদে জানাতে হবে পুলিশকে। একই সঙ্গে স্পষ্ট নির্দেশ এসেছে যে, কোনও ভাবেই অস্ত্র বা লাঠি হাতে শোভাযাত্রায় বেরনো যাবে না। ব্যবহার করা যাবে না ডিজে কিংবা সাউন্ড সিস্টেমও। সম্প্রীতি রক্ষার্থে লালবাজার এও জানিয়েছে, কোনও 'সাইলেন্ট জোন'-এ লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।


হনুমান জয়ন্তীতে রাজ্যে যাতে কোনও প্রকার অশান্তি না হয় তার জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টও। জানান হয়েছে, আধা সামরিক বাহিনী রেখে রাজ্যজুড়ে হনুমান জয়ন্তী পালন করতে হবে। হাইকোর্ট জানিয়েছে, এই দিন কোনও নেতা, মন্ত্রী বা কেউ জনসমক্ষে কোনও উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না। পাশাপাশি আদালতের নির্দেশ, যারা হনুমান জয়ন্তীর মিছিল পালন করবে তাদের মুচলেকা দিয়ে বলতে হবে কোনও অশান্তি হলে সেই সংগঠন বা মিছিল আয়োজকরা দায়ী থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন