নয়াদিল্লি: ফের একবার ২২ গজে সাজো সাজো রব৷ অক্টোবরের শুরুতেই ভারতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই ১২টি ভেন্যু ঠিক হয়ে গিয়েছে৷ কিন্তু কোথায় হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচ? কোন কোন হবে সেই ধুন্ধুমার? এ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন জানা গেল বাবর আজমদের প্রথম পছন্দ কলকাতা। পাশাপাশি চেন্নাই-তেও বেশ কিছু ম্যাচ খেলতে তাঁরা আগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই নিজেদের পছন্দের কথা আইসিসি’কে জানিয়েছে।
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের কথা মনে আছে তো? কলকাতার এই ইডেন গার্ডেন্সেই হয়েছিল ভারত-পাকিস্তান মহারণ। সেই সময় খেলতে এই শহরের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিল বাবররা৷ কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পাক ক্রিকেটাররা। তাঁদের ধারণা, নিরাপত্তার নিরিখে ভারতের অন্যান্য শহরের চেয়ে এগিয়ে রয়েছে তিলোত্তমা। তাই খেলার জন্য শহর কলকাতাই তাঁদের পয়লা পসন্দ৷
প্রসঙ্গত, বিশ্বকাপের আসরে কোন দল কোন ভেন্যুতে খেলবে, তা ঠিক করে থাকে আইসিসি। তবে ভেন্যু ঠিক করা নিয়ে সিসিআইয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ। কারণ, এবার ভারতই আয়োজক দেশ। প্রতিটি দলের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের। বোর্ড সূত্রের খবর, এখনও পর্যন্ত বিশ্বকাপের জন্য যে ১২টি ভেন্যু ঠিক করা হয়েছে, তার মধ্যে কলকাতা ও চেন্নাইয়ে পাকিস্তান ম্যাচের সম্ভাবনা সবচেয়ে বেশি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন