কলকাতা: হুগলি জেলার আরামবাগের তৃণমূল সাংসদকে হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ৷ পুলিশের দ্বারস্থ অপরূপা পোদ্দার৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই এক বিজেপি নেতাকে আটক করল পুলিশ৷ অপরূপার অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁকে হোটায়সঅ্যাপ করে হুমকি বার্তা পাঠানো হয়েছে। বুধবার সকালেই এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এর পরেই শেওড়াফুলির এক বিজেপি নেতাকে আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন হুগলির নেতৃত্ব।
অপরূপা জানান, অন্যান্যদিনের মতো মঙ্গলবারও একাধিক কর্মসূচি ছিল তাঁর। রাত প্রায় ১০টা নাগাদ কাজ সেরে রিষড়ার বাড়িতে ফেরেন তিনি। অভিযোগ, রাত ১০ টা বেজে ২৭ মিনিটে তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। তাতে লেখা, “তুই বাঁচবি তো?” অপরিচিত নম্বর থেকে হুমকি মেসেজ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। রাত প্রায় ১ টা নাগাদ কলকাতা থেকে কাজ সেরে বাড়ি ফেরেন অপরূপার স্বামী শাকির আলি। বাড়ি ফিরে দেখেন, আড়াই বছরের ছোট্ট মেয়েকে জড়িয়ে বসে রয়েছে তাঁর স্ত্রী। ভয়ে রীতিমতো কান্নাকাটি করছেন৷ এর পরেই তাঁরা থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন৷
বুধবার সকালে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ। অপরূপা পোদ্দারকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে শেওড়াফুলির চাতরা এলাকার বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা অম্লান দত্তকে আটক করে পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপি নেতা অম্লান দত্ত গত পুরভোটে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। অপরূপার দাবি, ‘‘অম্লানের মাধ্যমে বিজেপি আমাকে নিশানা করছে। কিন্তু আমি ভয় পাই না। আইন আইনের পথে চলবে।’’ এ বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’’ যদিও ওই হুমকি বার্তা অম্লানই পাঠিয়েছে কিনা, তা এখনও প্রমাণিত নয়৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন