কলকাতা: পাল্টাতে চলেছে কলেজে স্নাতক স্তরে ভর্তির নিয়ম৷ এবার থেকে আর বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আলাদা ভাবে আবেদন নয়৷ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা৷ অর্থাৎ অফলাইনে আর ভর্তি প্রক্রিয়া চলবে না৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু করা হবে। এই বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছিল। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে তাঁরা বিশেষ ভাবে উদ্যোগী৷ সেই লক্ষ্যেই কেন্দ্রীয় পোর্টাল তৈরির পরিকল্পনা৷ গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়৷ এর এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এবার থেকে সরকারি বা সরকার-পোষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই সম্পন্ন হবে।
এত দিন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলির পৃথক পোর্টাল ছিল৷ পৃথক ভাবেই অনলাইনে ভর্তির ব্যবস্থা ছিল। এর জন্য প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফি-সহ ভর্তির আবেদন করতে হত৷ এছাড়াও কলেজভেদে ভর্তির আবেদনের সময়সীমা আলাদা হওয়ায় আখিরে সমস্যায় পড়তে হত পড়ুয়াদেরই। বহু কলেজেও আসন খালি থেকে যেত। এই বিষয়গুলি নজরে রেখেই কেন্দ্রীয় পোর্টাল তৈরিতে উদ্যোগী হয় রাজ্য৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন