নয়াদিল্লি: দিল্লির সাকেত আদালত চত্বরে গুলি৷ এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালালো এক দুষ্কৃতী৷ শুক্রবার সকালের এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়৷
পুলিশ সূত্রে খবর, হামলাকারী বন্দুকবাজ এক জন কুখ্যাত অপরাধী। নিরাপত্তার ফাঁক গলে এদিন আইনজীবীর পোশাকে আদালত চত্বরে ঢুকে পড়ে সে৷ আইনজীবীর পোশাক পরায় পুলিশের নজরও এড়িয়ে যায়। যে মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী, তিনি একটি মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁকে অনুসরণ করেই আদালত চত্বরে ঢুকেছিল ওই দুষ্কৃতী। এর পর ওই মহিলাকে লক্ষ্য করে পর পর চারটি গুলি চালায় সে। তিনটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি লাগে এসে বেঁধে মহিলার গায়ে। গুরুতর জখম হন তিনি।
আচমকাই আদালত চত্বরে গুলি চলায় হুলস্থবল পড়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন পুলিশকর্মীরা। তাঁকে উদ্ধার করে দ্রুত দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়। যদিও ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। কেন তাঁকে গুলি করা হল, তাও স্পষ্ট নয়৷ হামলাকারী ও দুষ্কৃতী গুলি চালানোর পরেই পলাতক৷ তন্ন তন্ন করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷
দিল্লির আদালতে গুলি চালানোর ঘটনা নতুন ঘটনা নয়। গত বছর সেপ্টেম্বর মাসেও দিল্লির একটি আদালতে গুলি চলেছিল। গুলি লেগে মৃত্যু হয়েছিল তিন জনের। আহত হন বেশ কয়েক জন। মৃত্যু হয়েছিল দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীর৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন