কলকাতা: বাম আমলে প্রাথমিক স্তরে বন্ধ হয়েছিল ইংরেজি শিক্ষা৷ যার ফল ভুগতে হয়েছে ছাত্রছাত্রীদের। এবার ভুল শুধরে ছোট থেকেই ইংরেজির ভিত শক্ত করতে প্রসিদ্ধ শিক্ষা সংস্থার সঙ্গে হাত মেলাল বাধল পুরসভা। খুদে পড়ুয়াদের জন্য ব্যবস্থা করা হবে ‘স্পোকেন ইংলিশ’ ক্লাস। শহরজুড়ে কলকাতা পুরসভার অধীনে ২২৪টি স্কুল রয়েছে। সেই সকল স্কুলের পড়ুয়াদের ছোট থেকেই ইংরেজিতে পটু করে তুলতে এই উদ্যোগ। সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, মডেল স্কুল তৈরির উপর জোর দেওয়া হবে। তারই প্রথম ধাপ প্রাথমিক স্কুলে ‘স্পোকেন ইংলিশ’ ক্লাস৷
কেন এই উদ্যোগ নিল পুরসভা? কলকাতা শহরজুড়ে রয়েছে অসংখ্য নামিদামী ইংরেজি মিডিয়াম স্কুল। মোটা টাকার বেতন দিয়ে সেই সব স্কুলে ছেলেমেয়েদের পড়ানোর সাধ্যি নেই দীন-দরিদ্র বাবা-মায়েদের। কিন্তু, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ইংরেজি জানাটা অত্যন্ত জরুরি। কারণ, ইংরেজি ভাষায় এখন আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম। উচ্চশিক্ষা তো বটেই, চাকরির পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতায় নামতে গেলে ইংরেজি জানাটা বাধ্যতামূলক। সেই বিষয়টি বিবেচনা করেই ‘টিচ ফর ইন্ডিয়া’-এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগ। সারা দেশে প্রায় ৩০ কোটি স্কুলছুট পড়ুয়াকে নিয়ে কাজ করে চলেছে এই সংস্থা। পুরসভার স্কুলের ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষায় চোস্ত করতে তাদের সঙ্গেই হাত মেলালে কলকাতা পুরসভা।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাম আমলে প্রাথমিক স্তরে ইংরেজি শেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ বাম নেতাদের ছেলেমেয়েরা সকলেই ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করতেন। তাঁর কথায়, ‘‘এতদিন যেটা হয়েছে সেটা দ্বিচারিতা৷ সেটাই এবার বন্ধ করতেই হবে।” তাঁর যুক্তি, ‘‘আমি, আমার পুরসভার আধিকারিক, এখানকার কর্মচারীরা কেউই নিজেদের বাচ্চাদের পুরসভার স্কুলে পড়ায় না। কারণ আমরা জানি যে এখানে শিক্ষাদানের মাত্রা ঠিক নয়। অথচ বাড়ির পরিচারিকা, গরিব মানুষরা তাদের বাচ্চাদের এই স্কুলেই পড়তে পাঠান। কিন্তু, এই ব্যবস্থায় তো সেই স্তরের শিশুদের বঞ্চিত করা হচ্ছে।’’ এই চিন্তা থেকেই স্পোকেন ইংলিশের উদ্যোগ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন