বড়ঞা: নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ তাঁকে কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে৷ এদিকে, উদ্ধার হল তাঁর দ্বিতীয় মোবাইল ফোন। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ পুকুর পাড়ের কাছে খেজুর গাছের নীচ থেকে দ্বিতীয় ফোনটির খোঁজ মিলেছে। পুকুর থেকে মোবাইল উদ্ধারের কাজ করছিলেন বেশ কয়েকজন৷ তাঁদের মধ্যে সঞ্জীব বাগদি নামে এক ব্যক্তি সেটি উদ্ধার করেন।
পাম্প বসিয়ে পুকুরের জল ছেঁচে রবিবার দুপুরে লোক দিয়ে পাঁক থেকে জীবনের প্রথম মোবাইলটি উদ্ধার করে আনেন সিবিআই গোয়েন্দারা। কিন্তু দ্বিতীয় ফোনটি কিছুতেই মিলছিল না৷ সেটির খোঁজে রবিবার বিকেলে জেসিবি মেশিনটি আনায় কেন্দ্রীয় সংস্থা। তার পিছনে পিছনে আসে মাটি বহনকারী একটি ট্র্যাক্টর। তার কিছু ক্ষণের মধ্যে এসে পৌঁছয় প্লাস্টিকের বিশাল এক বস্তা। পুকুর পাড়ে তখন উৎসাহী মানুষের ভিড়৷ শুরু হয় ‘সিবিআই অপারেশন’।
প্রথমে জেসিবি মেশিনের সাহায্যে পুকুর থেকে কাদা-পাঁক তুলে আনা হয়। সেই কাদা তোলা হয় ট্র্যাক্টারে। কাদা বোঝাই করার পর সেই ট্র্যাক্টরটি বিধায়কের বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় পৌঁছয়। তার পর ওই বিশাল প্লাস্টিকের ব্যাগে ঢালা হয় কাদা। তারপর পাম্প চালিয়ে কাদা ভর্তি সেই প্লাস্টিকের বস্তায় ফের জল ভরা হয়। এ ভাবে কাদার ঘনত্ব কমিয়ে তলতে থাকে মোবাইল খোঁজার কাজ। কিন্তু, তার পরেও দ্বিতীয় ফোনের খোঁজ মিলছিল না৷ শেষমেশ সোমবার দুপুরে পুকুর পাড়ে খেজুর গাছের তলা থেকে উদ্ধার করা হল দ্বিতীয় ফোন৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন