লন্ডন: বয়স ষাট ছুঁই ছুঁই৷ তাতে কী! মনে যে এখনও বসন্তের ছোঁয়া৷ তাই তো প্রেমিকার খোঁজে বেরিয়ে পড়লেন ৫৮ বছরের এই ‘তরুণ’৷ গাড়ি চালিয়ে ঘুরলেন শহরের আনাচ-কানাচ৷ দেখালেন বুড়ো হাড়ের ভেলকি!
বছর ৫৮-র আঙ্গুস কেনেডির সদ্যই বিবাহ বিচ্ছেদ হয়েছে৷ গাড়ির গায়ে ফলাও করে সে কথা লিখেও রেখেছেন তিনি। বিচ্ছেদের কথা জানিয়েই শুরু হয়েছে তাঁর নতুন জীবনসঙ্গীর খোঁজ! নতুন করে সম্পর্ক গড়ে তুলতে মরিয়া আঙ্গুস। তাঁর বউ খোঁজের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ব্রিটেনের ডার্টফ্রোড শহরে।
আঙ্গুস কেনেডির স্ত্রীর নাম সোফি৷ বয়স ৪৭ বছর। ২৩ বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। দীর্ঘ দাম্পত্যের পর এখন তাঁদের পথ আলাদা৷ পুরানো সম্পর্ক ভাঙার জন্য বিন্দুমাত্র দুঃখিত নন কেনেডি৷ বরং বেজায় খুশি তিনি। ফের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক হবে তাঁর, সেই আশায় বুক বেঁধেছেন৷ তাই তো নিজের সাধের গাড়িটিকে ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন বৃদ্ধ। গাড়ির জানলা জুড়ে লেখা, ‘কেবল সিঙ্গল হলেই হর্ন বাজাবেন’।
বিবাহ বিচ্ছেদের ঘটনা বহু মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়৷ তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েন৷ সেখানে ব্যতিক্রম আঙ্গুস৷ একটা সম্পর্কের শেষ মানে যে জীবনের ইতি নয়, সে কথাটাই প্রমাণ করতে চান তিনি৷ জনমানসে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলাও লক্ষ্য তাঁর। আঙ্গুসের কথায়, ‘বিবাহ বিচ্ছেদ সবসময় হতাশাপূর্ণ নয়। আমি আর সোফি খুব ভালো বন্ধু। শুধু আমাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক নেই!’ বর্তমানে ‘শেপিং আপ ফর লাভ’ নামে একটি বই লিখছেন আঙ্গুস। যার মূল বিষয়বস্তু হল, বহু বছর পর নতুন করে সম্পর্কে জড়ানো।
আঙ্গুস আর সোফির পাঁচ সন্তান রয়েছে। তাঁদের জন্যে বাবার নতুন ‘মা’ খোঁজার এই পর্বে সন্তানদের পাশে পেয়েছেন আঙ্গুস৷ ২০২১ সালে জুলাই মাসে তাঁরা আলোচনার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। চলতি বছর জানুয়ারি মাসে ২৩ বছরের দীর্ঘ সম্পর্কে ইতি পড়ে৷ এখন দু’জনেই ‘সিঙ্গেল’৷ ইতিমধ্যেই ‘মিঙ্গেল’ হওয়ার পথে পা বাড়িয়েছেন আঙ্গুস৷ সোফির কথা অবশ্য জানা যায়নি৷ তিনিও কি নতুন সঙ্গীর অপেক্ষায়?


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন