কলকাতা: তীব্র তাপপ্রবাহের জেরে এক সপ্তাহের জন্য স্কুলে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছুটি শেষ হচ্ছে এই রবিবার৷ এদিকে, কমেছে তাপপ্রবাহ। বৃষ্টি নামায় নেমেছে তাপমাত্রাও৷ কিন্তু, ছুটির মেয়াদ ফুরাতে বসলেও শনিবার রাত পর্যন্ত স্কুল খোলা নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেনি শিক্ষা দফতর। এদিকে, আবহাওয়ার পরিবর্তন আসায় অধিকাংশ স্কুলই সোমবার থেকে পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু স্কুল খোলা নিয়ে কেন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের তরফে বিজ্ঞর্তি প্রকাশিত না হওয়ায় বিভ্রান্তি ছড়াবে বলেই মনে করছেন শিক্ষকদের একাংশ। শিক্ষা দফতরের কর্তাদের বক্তব্য, রবিবার বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তা ছাড়া, এক সপ্তাহের জন্য ছুটির কথা বলা হয়েছিল। ছুটির মেয়াদ বাড়ানো না হলে, সোমবার থেকেই স্কুল খুলবে৷ সেটাই স্বাভাবিক। এতে বিভ্রান্তির কোনও কারণ নেই।
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, এখনও একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়নি। যার জেরে ফল প্রকাশও করা যাচ্ছে না। এদিকে, বেশ কিছু স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নও বাকি৷ প্রাথমিকের পর্যায়ক্রমিক মূল্যায়নও বাকি পড়ে রয়েছে। বাকি পড়ে থাকা এই কাজগুলি আগামী সাত দিনের মধ্যেই সেরে ফেলতে হবে। কারণ, ফের তাপপ্রবাহের জেরে আগাম ছুটি ঘোষণা করা না হলেও, গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে আগেই৷ সেই মোতাবেক ২ মে থেকে গরমের ছুটি পড়ার কথা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন