বড়ঞা: মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি যেন ‘গুপ্তধন’-এর খাজানা! ইতিমধ্যেই তাঁর বাড়ি থেকে প্রায় দু’বস্তা নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড৷ এবার বিধায়কের বাড়ি লাগোয়া পুকুর এবং জঙ্গলে তল্লাশি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ বাদ দেওয়া হচ্ছে না তাঁর বাড়ির আঁস্তাকুড়ও৷ সিবিআই সূত্রে খবর, যে ভাবে বিভিন্ন জায়গা থেকে নথি উদ্ধার হচ্ছে, তাতে জীবনকৃষ্ণের আন্দিগ্রামের ওই দোতলা বাড়ি এবং তার আশপাশের কোনও জায়গা বাদ দিতে চাইছেন না৷
২৪ ঘণ্টার পেরিয়ে গিয়েছে, সিবিআইয়ের নজরবন্দি রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেই শুক্রবার থেকে শুরু হয় তাঁর বাড়ি লাগোয়া পুকুরের জল তুলে ফেলার কাজ। সেই কাজ শনিবারও চলছে। সিবিআই সূত্রে দাবি, ওই পুকুরের জলেই নিজের দু’টি মোবাইল ফোন, হার্ক ডিস্ক এবং মেমোরি কার্ড ফেলেছেন বিধায়ক। সেগুলির খোঁজেই তুলে ফেলা হচ্ছে জল। তদন্তকারী অফিসারদের অনুমান, ওই মোবাইল, হার্ড ডিস্ক এবং মেমোরি কার্ডের মধ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা নথি লুকানো রয়েছে। সেগুলির খোঁজেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷
পুকুর সন্ধানের মাঝেই জীবনকৃষ্ণের বাড়ির পিছনের জঙ্গলে তল্লাশি চালিয়ে ছ’টি নথিবোঝাই ব্যাগ উদ্ধার করেন তদন্তকারীরা। সেই নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এর পরেই জীবনকৃষ্ণের বাড়ি লাগোয়া আঁস্তাকুড়ে তল্লাশি শুরু হয়৷ এক আধিকারিককে আবর্জনার মধ্যে নেমেই নথি খুঁজতে দেখা যায়। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আঁস্তাকুড় থেকে কোনও কিছু উদ্ধার হয়নি৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন