বাড়ল স্বল্প সঞ্চয়ে সুদের হার, কোন প্রকল্পে কত সুদ মিলবে? রইল পূর্ণাঙ্গ তালিকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বাড়ল স্বল্প সঞ্চয়ে সুদের হার, কোন প্রকল্পে কত সুদ মিলবে? রইল পূর্ণাঙ্গ তালিকা




নয়াদিল্লি:  নতুন অর্থবর্ষের শুরুতেই মধ্যবিত্তদের জন্য সুখবর৷ স্বল্প সঞ্চয়ের প্রায় প্রতিটি স্কিমেই সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। শনিবার ১ এপ্রিল থেকেই সেই বর্ধিত সুদের হার কার্যকর করা হয়েছে। 

লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ায় কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারী মধ্যবিত্ত শ্রেণি৷ তাঁদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও খরচের চাপ কমাতে সাহায্য করবে বর্ধিত সুদের হার। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, এমআইএস, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র এবং পোস্ট অফিসের সব ধরনের মেয়াদি জমার উপর সুদের হার পুনর্বিন্যাস করা হয়েছে৷ দু-একটি ব্যতিক্রম বাদ দিয়ে প্রায় সবক’টি স্বল্প সঞ্চয় প্রকল্পেই সুদের হার কিছুটা হলেও বাড়িয়ে কেন্দ্রীয় সরকার৷ তবে পিপিএফ-এ সুদের হার বাড়ায়নি সরকার। আগের মতো ৭.১ শতাংশই রাখা হয়েছে হার। 


অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে৷ দেখা গিয়েছে, কোনও ক্ষেত্রে সুদের হার বেড়েছে ০.১ শতাংশ, কোনও ক্ষেত্রে ০.৭ শতাংশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য এই বর্ধিত সুদ প্রযোজ্য হবে। অর্থাৎ, এপ্রিল, মে এবং জুন মাসে নতুন হারে সুদ পাবেন গ্রাহকেরা।


বর্ধিত সুদের তালিকা খতিয়ে জানা যাচ্ছে, পোস্ট অফিসের মেয়াদি জমায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই সুদ কিছুটা করে বাড়ানো হয়েছে। ১ বছরের মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার ৬.৬ শতাংশ থেকে বেড়ে  হয়েছে ৬.৮ শতাংশ। সেখানে ২ বছরের মেয়াদি জমার ক্ষেত্রে ৬.৮ শতাংশ থেকে ৬.৯ শতাংশ করা হয়েছে সুদের হার৷  সুদ বেড়েছে ৩ বছরের মেয়াদি জমার উপরেও। ৬.৯ শতাংশের পরিবর্তে এ বার থেকে ৭ শতাংশ হারে সুদ পাবেন বিনিয়োগকারীরা৷ 


৫ বছরের মেয়াদি জমার উপরেও আগের চেয়ে বেশ কিছুটা সুদের হার বেড়েছে। এত দিন এই প্রকল্পে ৭ শতাংশ হারে সুদ পেতেন আমানতকারীরা। নতুন অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে সুদেরহার বেড়ে ৭.৫ শতাংশ হয়েছে।

৫ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও এপ্রিল থেকে জুন মাসে বাড়তি সুদ মিলবে৷ এতদিন রেকারিং ডিপোজিটে ৫.৮ শতাংশ হারে সুদ দিত পোস্ট অফিস। এ বার ৬.২ শতাংশ হারে সুদ দেওয়া হবে।


বয়স্ক নাগরিকদের সঞ্চয় প্রকল্প বা সিনিয়র সিটিজন সেভিংস স্কিমে বেশ খানিকটা সুদ বাড়ানো হয়েছে। আগে এই প্রকল্পে গ্রাহকেরা ৮ শতাংশ হারে সুদ পেতেন। এ বার ৮.২ শতাংশ হারে সুদ পাবেন৷ 


সুদ বাড়ানো হয়েছে জাতীয় সঞ্চয় শংসাপত্রেও  বা ন্যাশানল সেভিংস সার্টিফিকেটেও। এই প্রকল্পে সুদের হার ৭ শতাংশ থেকে  বেড়ে হয়েছে ৭.৭ শতাংশ।


এছাড়াও মাসিক রোজগার অ্যাকাউন্ট প্রকল্প বা মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম-এ এত দিন সঞ্চয়ের উপর ৭.১ শতাংশ হারে সুদ পেতেন গ্রাহকরা। এবার সেই সুদের হার বেড়ে হয়েছে ৭.৪ শতাংশ৷ 


আরও একটি জনপ্রিয় প্রকল্প কিসান বিকাশ পত্রের ক্ষেত্রেও সুদ বাড়ানো হয়েছে৷ এই প্রকল্পে যাঁরা টাকা রাখেন, তাঁরা আগে ৭.২ শতাংশ হারে সুদ পেতেন। এ বার সুদের হার বেড়ে হয়েছে ৭.৫ শতাংশ।


কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পের সুদও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। আগে এই প্রকল্পের সঞ্চয়ে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হত আমানতকারীদের। এবার থেকে তা বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।


সুদ বৃদ্ধির আবহে বঞ্চিত দু’টি স্বল্প সঞ্চয় প্রকল্প। পোস্ট অফিসে সাধারণ সেভিংস অ্যাকাউন্টে আগের মতোই ৪ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা৷ সুদ বাড়ানো হয়নি পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও৷ 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন