কলকাতা: তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গের মানুষ৷ বাতাসে জলীয়বাষ্প ঢুকতে শুরু করায় বাডছে প্যাঁচপ্যাঁচে ভাব৷ কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে৷ বেশ কিছু জেলায় পেরিয়ে গিয়েছে ৪০ এর কোঠা৷ কিন্তু গরম উপেক্ষা করেই বহু মানুষকে রাস্তায় বেরিয়ে কাজ করতে হচ্ছে৷ বাইরেই তাঁদের খেতে হয়৷ এই তীব্র গরমে মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এবার পশ্চিমবঙ্গ সরকারের ‘মা ক্যান্টিনে’ যুক্ত হল টক–ডাল। মাত্র ৫ টাকায় মিলবে ভাত, আম দিয়ে টকডাল, সবজি আর সঙ্গে সিদ্ধ ডিম। টকের ডাল এই রৌদ্রতপ্ত পরিবেশে শরীর ভাল রাখতে সাহায্য করবে৷
শহর কলকাতার ইতিউতি প্রায় ১৩৩টি মা ক্যান্টিন রয়েছে৷ সেখানে পথচলতি মানুষ থেকে অফিস যাত্রী এবং ফুটপাথবাসীরা পাঁচ টাকায় গরম গরম খাবার কিনে খান। সস্তায় পেট ভরা পুষ্টিকর খাবার পেয়ে যান সকলে। পথ চলতি মানুষের কাছে মা ক্যান্টিন বড় ভরসা। কলকাতা পুরসভার পক্ষ থেকে মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার দেওয়া হলেও এর জন্য সরকার মাথাপিছু ১০ টাকা ভর্তুকি দেয়। এবার মা ক্যান্টিনের মেনুতে জুড়ল আম ডাল৷
জনস্বাস্থ্য আধিকারিক অনির্বাণ দলুইয়ের কথায়, ‘কাচা আমে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং টারটারিক অ্যাসিড থাকে। যা এই তীব্র গরমে রক্তে অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখে। কাঁচা আম ক্লান্তি দূর করে, হজম ক্ষমতা বাড়ায়। এই গরমে মেনুতে সামান্যই বদল আনা হচ্ছে। এতদিন পাঁচ টাকায় ভাত, মসুর ডাল, সবজি, ডিমসিদ্ধ পেত মানুষ। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখেই টক–ডালের ব্যবস্থা করা হচ্ছে। এতে উপকৃত হবে বহু মানুষ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন