সানা: চলছে রমজান মাস৷ সেই উপলক্ষেই একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইয়েমেনের রাজধানী সানায়৷ সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই ঘটল বিপত্তি৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৮৫ জনের৷ জখম বহু৷
যুদ্ধ, দারিদ্র, মহামারীতে বিধ্বস্ত ইয়েমেন। রমজান মাসে আসন্ন ইদ উপলক্ষে চলছিল ত্রাণসামগ্রী বিতরণ। টাকা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে সেখানে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। ত্রাণ নেওর সময় শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি৷ পদপিষ্ট হয়ে প্রাণ হারান বহু মানুষ। গত কয়েক দশকে পদপিষ্ট হয়ে এত বড় বিপর্যয় ঘটেনি সে দেশে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন৷ বুধবার সেখানকার বাব আল-ইয়েমেন জেলার সানা শহরের একটি স্কুলে ব্যবসায়ীরা গরিব মানুষদের জন্য বস্ত্র ও খাদ্য বিতরণের ব্যবস্থা করেছিলেন। এক প্রতক্ষদর্শী জানান, আল-কবুস মার্কেটের পাশে মোইন স্কুলের প্রাঙ্গনে অনেকেই টাকা পাওয়ার অপেক্ষা করছিলেন। সেই সময় হুদি বন্দুকধারীরা শূন্যে গুলি ছোড়ে। একটি গুলি সেখানে বিদ্যুতের তারে গিয়ে লাগে এবং বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এবং সবাই প্রাণের ভয়ে পালানোর চেষ্টা শুরু করে। শুরু হয় ধাক্কাধাক্কি৷ মাটিতে পড়ে যান অনেকে। তাঁদের উপর দিয়েই শুরু হয় ছুটোছুটি৷ এভাবে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বহু শিশু এবং মহিলা রয়েছেন। ইয়েমেনের আল মসিরাহ টিভির রিপোর্ট অনুযায়ী, অন্তত ১৩ জন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩২২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় মিডিয়া সূত্রে খবর৷
হুদি মুখপাত্র জানান, রমজান উপলক্ষে মাথা পিছু ৫০০০ ইয়েমেনি রিয়াল (প্রায় ৯ ডলার) করে দেওয়া হচ্ছিল। সেই অর্থ সংগ্র করতে ভিড় লেগে যায়। তাতেই এই বিপত্তি৷ এদিকে রমজান উপলক্ষে এই দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা দুই ব্যবসায়ীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকেই সানা হুদিদের দখলে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে তাদের সংঘাত চলছে। এই সংঘর্ষে বিগত কয়েক বছরে অন্তত দেড় লক্ষ মানুষ নিহত হয়েছে ইয়েমেনে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন