কলকাতা: তীব্র গরমের দাপট অনেকটাই কমেছে৷ স্বস্তির বৃষ্টিতে ভিজে শান্তির নিশ্বাস নিয়েছে কলকাতাবাসী। বৃহস্পতিবার দফায় দফায় ঝড়-বৃষ্টির পর শুক্রবারও শহরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা৷ গরমের তেজ অনেকটাই কম৷ আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
বৃহস্পতিবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে৷ সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। ঝড়-বৃষ্টির দাপটে গরমের তীব্রতা অনেকটাই কমে৷ তবে বৃহস্পতিবার সকালে কলকাতায় তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে, মহানগরীর রাতের তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। কিন্তু, বিকেল থেকেই শুরু হয় বৃষ্টি৷ বাজ পড়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। তাঁরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার বাসিন্দা৷
শুক্রবারও দক্ষিণবঙ্গের সব কটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর-সহ দক্ষিণের ১৫টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাকি জেলাগুলি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন