বহরমপুর: ফের তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা৷ শুক্রবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অঙ্গ হিসাবেই এই তল্লাশি অভিযান। বিধায়কের অফিস-সহ একাধিক জায়গা তল্লাশি চালানো হচ্ছে।
এদিন সকালে সিবিআই-এর একটি টিম বড়ঞায় পৌঁছায়৷ বিধায়কের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করে৷ পাশাপাশি জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সিবিআই সূত্রে দাবি, তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে৷
জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এজেন্ট কৌশিক ঘোষের কথা জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কৌশিকের সূত্র ধরে জীবনকৃষ্ণের নাম প্রকাশ্যে আসে৷ এর পরেই বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন