কলকাতা: হাঁসফাঁস করা গরমে দিশেহারা দক্ষিণবঙ্গের মানুষ৷ রোদের তাপে অসুস্থ হয়ে পড়ছে খুদে ও বয়স্করা৷ এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা ভেবে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে রাজ্য সরকারের তরফে। রাজ্যে জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে। এর হাত থেকে পড়ুয়াদের বাঁচাতেই এই পদক্ষেপ৷
মুখ্যমন্ত্রী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা তো করতে হবে৷’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে সাতদিন সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক সময়ে সরকারের পরামর্শ মানতে চায় না। তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে৷ ছেলেমেয়েদের কথা মাথায় রেখে যেন বেসরকারি স্কুলগুলোও আগামী সাত দিন স্কুল, কলেজ বন্ধ রাখে। কারণ যা গরম পড়েছে, তাতে একটা ভালমন্দ হয়ে যেতেই পারে। হিট স্ট্রোকের আশঙ্কা কোনও ভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে সোমবার থেকে শুক্র, এই পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবেই রাজ্যে কিছুটা জলীয় বাষ্প ঢুকে পড়েছে। যা তাপমাত্রা কিছুটা কম রেখেছে। তবে এই জলীয় বাষ্পের কারণে প্যাচপেচে ঘাম অনুভূত হতে পারে। গরমের এই রূপের সঙ্গেই দক্ষিণবঙ্গের মানুষ অধিক পরিচিত।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছটির বিষয়ে রবিবার বিকেলের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি আরও জানান, দাবদাহের কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, আগামী ২ মে থেকে গরমের ছুটি দেওয়া হবে। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ-সাতদিন তাপপ্রবাহ চলবে। তাই সরকার সিদ্ধান্ত বদল করে এক সপ্তাহ ছুটি ঘোষণা করল৷
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আসলে বাচ্চারাই আমাকে তাদের কষ্টের কথা জানিয়েছিল। কয়েক জন বাচ্চা আমাকে এসে বলে, দিদি এত গরম যে স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা করছে। খুব কষ্ট হচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে। এই সব কচি প্রাণগুলো কষ্ট পাচ্ছে। এটা শোনার পর সরকার চুপ করে থাকতে পারে না।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন