কলকাতা: তীব্র গরমে নাজেহাল মানুষ৷ তাপপ্রবাহের জেরে নাভিশ্বাস উঠেছে৷ গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন৷এমন সময় গরিব মানুষদের কম্বল বিলি করলেন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়৷ তাঁর এই কাণ্ডে সমালোচনার ঝড়৷ কটাক্ষের মুখে পড়লেন বিধায়ক।
কাঠফাটা গরমে এলাকার মানুষ হাঁসফাঁস করছেন৷ বিভিন্ন জায়গায় আবার তীব্র জলকষ্টে ভুগছেন মানুষ। এই সময় তাঁদের জন্য জলের ব্যবস্থা না করে কম্বল বিতরণ করলেন বিমলেন্দু৷ তীব্র গরমে বিধায়ক কী হিসাবে বা কোন যুক্তিতে কম্বল বিলি করতে গেলেন, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ একই প্রশ্ন সাধারণ মানুষেরও মুখেও৷ বিমলেন্দু সিংহ রায় অবশ্য বিতর্ক উড়িয়ে বললেন, ‘‘যাঁদের সমালোচনা করা অভ্যেস তাঁরা সবেতেই সমালোচনা করবেন। আসন্ন ইদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল, সেগুলিও বিতরণ করে দিচ্ছি। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছিলাম।’
উল্লেখ্য, আগামী ২৩ তারিখের আগে নদিয়ায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বুধবারও জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামিকালও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে নদিয়া জুড়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন