কলকাতা: চৈত্রের শেষ থেকে তীব্র দাবদাহে অস্থির দক্ষিণ বঙ্গের মানুষ৷ গ্রীষ্মের ঝোড়ো ব্যাটিংয়ে একেবারে কাহিল দক্ষিণবঙ্গবাসী৷ এই হাঁসফাঁস করা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে অবশেষে আকাশে দেখা মিলেছে কালো মেঘের৷ উত্তর থেকে দক্ষিণ, গোটা বঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে তীব্র গরমে নাজেহাল হওয়ার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস। শনিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু প্রশ্ন হল, এই স্বস্তির পূর্বাভাস কত দিনের জন্যে? মেঘ সরলেই কি ফের গ্রীষ্মের প্রবল তাপে দগ্ধ হতে হবে বঙ্গবাসীকে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলায় ঝড়বৃষ্টি শুরু হবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় নামবে স্বস্তির বৃষ্টি৷ আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস৷ জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারও হতে পারে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন