কলকাতা: প্রতিটি অপরাধীর কাছেই জেলের জীবন কষ্টের৷ জেলবন্দিরা খুব ভালো মতোই বোঝেন অন্ধকার স্যাঁতস্যাঁতে কালকুঠুরিতে থাকার যন্ত্রণা৷ জেল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় প্রহর গুনে দিন কাটে তাদের৷ তবে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা উপভোগ করতে চাইছেন জেলের সেই বন্দি জীবনের অভিজ্ঞতা৷ তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে৷ তাও আবার খাস কলকাতায়৷ রাজ্যের ইতিহাসে যা প্রথম৷ অপরাধ না করেই এবার ঘুরতে পারবেন জেল৷ তবে এর জন্য খসাতে হবে গাঁটের কড়ি৷ আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে এবার থেকে রাত্রিবাস করতে পারবেন পর্যটকরা৷
আন্দামানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা হল সেলুলার জেল৷ এই কারাগারের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস৷ তবে সম্প্রতি উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র সরকারও জেল পর্যটনের বন্দোবস্ত করেছে। দেরাদুনের বিভিন্ন জেলে ৫০০ টাকার বিনিময়ে থাকার সুযোগ রয়েছে৷ মাস কয়েক আগে সেই পথে হাঁটে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল। দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে গতবছরই শুরু হয়েছিল জেল মিউজিয়াম। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসির স্থল, নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্দি থাকার সেই সেল-সহ আরও নানা জায়গা ঘুরিয়ে দেখানো হয় পর্যটকদের। পাশাপাশি দেখানো হচ্ছে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’। তবে যাঁরা এখানে রাত্রিবাস করতে চান তাঁদের জন্যেও রয়েছে বিশেষ ব্যবস্থা৷ এখানে থাকলে পেটে পড়বে জেলের ভাত৷ অবাক হচ্ছেন? আলিপুর মিউজিয়াম যা এক সময় আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার ছিল, সেখানেই কালকুঠরিগুলি কটেজ হিসাবে ভাড়া দেওয়া হবে৷
স্বাধীনতা পরবর্তী সময়ে আরও প্রায় পঞ্চাশটির মতো সেল তৈরি করা হয়েছিল। সেই সেলগুলিকেই কটেজে রূপান্তরিত করে কটেজ বানানো হয়েছে। পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওই সেলগুলিতে রাখা হয়েছে আধুনিক শয্যা, সোফা, বাতানুকূল যন্ত্র, টিভি, ফ্রিজ। রয়েছে আধুনিক শৌচালয়-সহ প্রায় সব রকম ব্যবস্থা। দু’রকম ঘর রয়েছে৷ স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। রুম অনুযায়ী ভাড়াটাও আলাদা। এছাড়াও থাকবে ক্যান্টিন। রুম সার্ভিসের ব্যবস্থাও থাকবে পর্যটকদের জন্য৷
তবে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এমনই নাকি এই প্রস্তাব আসছিল পর্যটকদের তরফে। এই প্রস্তাবগুলি খতিয়ে দেখতে বুধবার বসে কলকাতা পুরসভায় মেয়র পরিষদের বৈঠক। সেখানেই মিউজিয়ামের পাশাপাশি জেলের ভিতর কটেজ ভাড়া দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন