রিষড়া: রবিবারের পর সোমবারেও আশান্তি রিষড়ায়৷ রাতভর উত্তেজনার মঙ্গলবারও থমথমে গোটা শহর৷ উদ্বেগে সাধারণ মানুষ৷ সোমবার রাতে নতুন করে অশান্তির ঘটনায় ফের হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধা দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করার আর্জি জানান তাঁর আইনজীবী।
সোমবার রাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে হুগলির রিষড়া স্টেশন সংলগ্ন অঞ্চল৷ চার নম্বর রেলগেট এলাকায় একটি কারখানার কাছে এই উত্তেজনা ছড়ায়। ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। রেল লাইনের ওপরেও উঠে পড়ে তারা। যার জেরে হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। রাত ১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷ এই পরিস্থিতিতে ফের আদালতে যান শুভেন্দু৷
এর আগে সোমবার হাওড়া, ডালখোলার অশান্তি নিয়ে রাজ্য়ের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাই কোর্ট৷ ৫ এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল হাওড়া এবং ডালখোলায় অশান্তি মামলার শুনানি৷ মামলাকারীর আইনজীবী দাবি করেন, “পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। কিন্তু, ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকী মিছিলে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়। অথচ পুলিশ সক্রিয় পদক্ষেপ করেনি।” এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানান মামলাকারী।
এরই মধ্যে রিষড়া-কাণ্ডে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবেদনের ভিত্তিতে শুভেন্দুর আইনজীবীকে অতিরিক্ত হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার এই মামলার শুনানি। অতিরিক্ত হলফনামার প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ এদিকে, রিষড়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল উত্তরবঙ্গ সফর কলকাতায় ফিরেছেন। তিনি নিজে রিষড়া যেতে পারেন বলেও শোনা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন