নয়াদিল্লি: কাকভোরে পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে গোলাগুলি৷ ভোর সাড়ে চারটে নাগাদ আচমকাই গুলি চলে সেখানে৷ গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও সেনাই ছাউনির গুলি চালিয়েছেন৷
সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভোর ৪টে বেজে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে গুলি চলে। ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’ মোতায়েন করা হয়। তারা দ্রুত সক্রিয় ভূমিকা পালন করে৷ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ ওই হামলায় চার জনের মৃত্যু হয়েছে।’’
ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে কোনও সেনা জওয়ানই ছাউনির মধ্যে গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়ে চার জওয়ানের মৃত্যু হয়েছে৷ তিনি আরও বলেন, তবে এই ঘটনার পিছনে জঙ্গি হামলার আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ তবে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেও এই ঘটনা ঘটে থাকতে পারে৷ এই আবহে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেই জানান তিনি। কে বা কারা গুলি চালিয়েছে, কোন পরিস্থিতিতেই বা এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, এমন ঘটনা এর আগেও ঘটেছে পঞ্জাবে৷ এক সেনা জওয়ান হঠাৎই নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিলেন। ওই ঘটনায় মোট তিনজন গুলিবিদ্ধ হন। এর পর সকলের নজর এড়িয়ে পালিয়ে যান তিনি৷ কিন্তু পরবর্তী তাঁকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ৷ সেই ঘটনার স্মৃতিই ফিরল ভাটিন্ডায়। প্রাথমিক তদন্তে তেমনই ইঙ্গিত৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন