
কলকাতা: এক দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠার পর উত্তাল হয়েছে রাজ্যের কালিয়াগঞ্জ এলাকা। এই ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মামলাকারী এই ঘটনার তদন্তে সিবিআইকে চাইছেন। এই মামলা দায়ের করার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীর একই সঙ্গে আবেদন, নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক। পাশাপাশি ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হোক। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা আছে।
কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। শুক্রবার সকালে বাড়ির কাছেই পুকুর পাড়ে তার দেহ উদ্ধার হয়। অনুমান, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনাতেই উত্তাল হয় ওই এলাকা এবং দুর্গাপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে রাস্তায় পুলিশ এবং র্যাফ নামানো হয়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধও বাঁধে। পরবর্তী সময়ে রাজ্যে আসে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। তারা ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে। দাবি করা হচ্ছে, সরকার কিছু লোকানোর চেষ্টা করছে।
সোমবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সংবাদমাধ্যমে দাবি করেছেন, কালিয়াগঞ্জ কাণ্ডে কিছু লুকানোর চেষ্টা করছে প্রশাসন। এই ঘটনার সঙ্গে নারীপাচারকারীদের যোগ থাকতে পারে। আর সেটাই হয়তো রাজ্য সরকার সামনে আসতে দিচ্ছে না। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে আরও বলা হয়েছে, পরিবার, পুলিশ ও চিকিৎসকের বয়ান মিলছে না এই ঘটনায়। দ্রুত এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে তারা রিপোর্ট দেবে বলে জানান হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন