নয়াদিল্লি: মিলেছিল সাময়িক স্বস্তি৷ কিন্তু, ফের করোনার রক্তচক্ষু৷ দেশজুড়ে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। যা চিন্তায় ফেলেছে প্রশাসনকে৷
মঙ্গলবার নতুন ভাবে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৪৩৫। বুধবার লাফিয়ে সেই সংখ্যা পাঁচ হাজার পেরিয়ে যায়৷ নতুন করে আত্রান্ত হন ৫ হাজার ৩৩৫ জন৷ অর্থাৎ একদিনের মধ্যেই প্রায় এক হাজার বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে খবর। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ হাজার ৫৮৭।
করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কেরল। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা আট হাজারেরও বেশি৷ দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বরের পর এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজারের গণ্ডি পেরল৷ একদিনের মধ্যেই ২০ শতাংশ বাড়ল সংক্রমণের হার।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে কি ফের ফের উদ্বেগজনক হতে চলেছে পরিস্থিতি? ফের পরতে হবে মাস্ক? যদিও মাস্ক এখনও বাধ্যতামূলক করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং বলেন, করোনা পরিস্থিতিতে বিমানযাত্রার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে কেন্দ্র। অন্যদিকে, হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা ভিড়ের মধ্যে থাকলে তাঁদের অবশ্যই মাস্ক পরতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন