রাজ্যে সাম্প্রতিক অশান্তি নিয়ে রিপোর্ট চাইল হাই কোর্ট, দিতে হবে সিসিটিভি ফুটেজও, প্রশ্ন পুলিশের ভূমিকায় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

রাজ্যে সাম্প্রতিক অশান্তি নিয়ে রিপোর্ট চাইল হাই কোর্ট, দিতে হবে সিসিটিভি ফুটেজও, প্রশ্ন পুলিশের ভূমিকায়




কলকাতা: রামনবমীকে কেন্দ্র করে গত কয়েকদিন বাংলার বেশ কিছু জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে৷ মারপিট থেকে শুরু করে বাইক-গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবর উঠে এসেছে দফায় দফায়। রামনবমীকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় মামলা হয়েছে হাই কোর্টে৷ সোমবার হাওড়া, হুগলি এবং উত্তর দিনাজপুরে অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। 


হাওড়ায় অশান্তির ঘটনায় হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন৷ পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্তের আর্জিও জানিয়েছেন। সোমবার মামলাকারীর পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে সওয়াল করে বলেন, ‘গত ৩০ মার্চ হাওড়া এবং ডালখোলায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশের অনুমতি নিয়েই সেখানে মিছিল হয়েছিল। তার পরেও কেন ওই ধরনের ঘটনা ঘটল? কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালকে ঘটনার উপর নজরদারি করতে হয়েছে।’ আদালতের সামনে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরে আরও বলেন, হাওড়া ও হুগলির সংশ্লিষ্ট অঞ্চলগুলির পরিস্থিতি এখনও থমথমে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, রবিবার রাতে হুগলির রিষড়ায় নতুন করে উত্তেজনা ছড়ায়। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই কথাও এদিন আদালতে জানান মামলাকারীর পক্ষের আইনজীবী।


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বুধবারের মধ্যে রাজ্যকে ওই রিপোর্ট সিসি ক্যামেরার ফুটেজ সহ আদালতে জমা দিতে হবে। সাধারণ মানুষ যাতে কোনও ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে পুলিশকে বিশেষ ভাবে নজর দিতেও বলা হয়েছে৷ এই অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলে আদালত। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, প্রশাসনকে সে দিকে নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে৷ 



রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি)-এর কাছে এদিন ওই দুই জায়গার পরিস্থিতি সম্পর্কে জানতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাঁর প্রশ্ন, “এই ধরনের ঘটনার আগে পুলিশ কেন পরিস্থিতি অনুমান করতে পারল না? যেখানে আগেও এই ধরনের ঘটনার উদাহরণ রয়েছে। তার পরেও গা ছাড়া মনোভাব৷ কী ব্যবস্থা নেওয়া হয়েছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে কি?” 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন