পুলওয়ামার পর ১ হাজারের ওপর জঙ্গি হামলা ভূস্বর্গে, নিকেশ ৭২৯ জঙ্গি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

পুলওয়ামার পর ১ হাজারের ওপর জঙ্গি হামলা ভূস্বর্গে, নিকেশ ৭২৯ জঙ্গি

 


নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। আপাতদৃষ্টিতে সাদা বরফে ঢাকা ভূমি হলেও আদতে এর রঙ লাল। কত কত ভারতীয় সেনার রক্ত মিশে আছে এই ভূখণ্ডের মাটিতে। দীর্ঘ সময় ধরে চলে আসা কাশ্মীর সমস্যার প্রতিফলন সেটি। একের পর এক জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভূস্বর্গ। হালফিলের সবথেকে বড় হামলা দেখা গিয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে বড়সড় হামলা চালিয়েছিল জঙ্গিরা। যে ঘটনায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। কিন্তু সেই হামলার পর আদৌ কি উপত্যকায় জঙ্গিদের হুজ্জুতি কমেছে? তথ্য তা বলছে না। 

শুক্রবারই পুঞ্চ এলাকায় সেনা ট্রাকে হামলার ঘটনা ঘটেছে, শহিদ হয়েছেন ৫ জওয়ান। স্পষ্ট বোঝা যাচ্ছে, জঙ্গিদের উৎপাত কমেনি এতটুকু। কিন্তু পুলওয়ামা হামলার পর পরিসংখ্যান কী বলছে? ২০২২ সালের জুলাইয়ে লোকসভার বাদল অধিবেশনে এক প্রশ্নের জবাবে কিছু তথ্য দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি সংসদে জানান, ২০১৮ সালে ৪১৭টি জঙ্গি হামলা হয়েছিল কাশ্মীরে, সেখানে ২০১৯ সালে তা কমে দাঁড়িয়েছিল ২২৯টি। আবার ২০২০ সালে জম্মু-কাশ্মীরে ২৪৪টি জঙ্গি হামলা হয়। ২০২১ সালে আবার কিছুটা কমে আসে। এই সময়ের মধ্যে একাধিক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৭২৯ জঙ্গির নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়াও ১৮৪ জওয়ানকেও শহিদ হতে হয়েছে।    

এদিকে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেই ঘটনার তদন্তভার গিয়েছে এনআইএ-র হাতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের জেরে সেনা ট্রাকে আগুন ধরে যায়৷ কিন্তু পরে জানা যায়, সেনার গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। মনে করা হচ্ছে, এই  হামলার পিছনে রয়েছে পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হাত৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন