সুপ্রিম কোর্টে খারিজ হাই কোর্টের রক্ষাকবচ, রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসুকে জেরা করতে পারবে ইডি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সুপ্রিম কোর্টে খারিজ হাই কোর্টের রক্ষাকবচ, রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসুকে জেরা করতে পারবে ইডি



নয়াদিল্লি: চিটফান্ড মামলায় অস্বস্তিতে রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসু। তাঁর  বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রয়োজনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদও করতে পারবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় কলকাতা হাই কোর্ট সঞ্জয়কে যে রক্ষাকবচ দিয়েছিল, তা আজ খারিজ করে দিল শীর্ষ আদালত৷ তবে সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম ও বিচারপতি পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, বারবার ডেকে তাঁকে হয়রান করা যাবে না। তাঁর ঠিকানায় তল্লাশি বা জিনিসপত্র বাজেয়াপ্ত করা যাবে না।

পিনকন ও টাওয়ার গোষ্ঠী নামের ভুয়ো অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে গত ১ মার্চ আলিপুর বর্ধমান রোডের এক অভিজাত আবাসনে তল্লাশি চালায় ইডি। যেখানে থাকেন রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসু। যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত৷ তল্লাশি চালানোর পর তদন্তকারী অফিসাররা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করেন তাঁকে। পরে ইডি তার প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চিটফান্ড সংস্থার কয়েকজন ডিরেক্টর ও সুবিধাভোগীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। যেখানে সঞ্জয় বসুর নাম উল্লেখ ছিল।


ইডি-র তল্লাশির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সঞ্জয় তাঁর ও রাজ্যের আইনজীবী বলেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গ্রেফতারির আশঙ্কায় সঞ্জয় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। গত ১৩ মার্চ ইডি সঞ্জয় বসুকে তলব করেছিল। তাতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। হাই কোর্ট সঞ্জয়কে রক্ষাকবচ দেওয়ায় ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ আজ ইডি-র হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, গ্রেফতারের প্রয়োজন নেই। ইডি কোনও ভাবে হেনস্থা করবে না।

ইডি-র মূল অভিযোগ ছিল, ভুয়ো অর্থলগ্নি সংস্থা থেকে সঞ্জয় ফায়দা তুলেছেন। সঞ্জয়ের হয়ে তাঁর আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, এই অর্থ পেশাদার ফি হিসেবে নিয়েছিলেন সঞ্জয়৷ কিন্তু, পরিষেবা দেননি৷ এর জন্য ওই টাকা ফেরতও দিয়ে দেওয়া হয়৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন