নয়াদিল্লি: বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দু’জনেই ভারতের প্রাক্তন অধিনায়ক৷ তবে সৌরভ খেলা ছেড়েছেন অনেক দিন আগে৷ বিরাট এখনও ২২ গজের যোদ্ধা৷ এই দুই মহারথীর মধ্যে তিক্ততার সম্পর্ক কারও অজানা নয়৷ সেই তিক্তটা মেটা তো দূর, বরং ক্রমেই তা বেড়ে চলেছে। শনিবার ম্যাচের পর সৌজন্যের খাতিরেও একে অপরের সঙ্গে হাতটুকুও মেলাননি তাঁরা। এবার কানাঘুষো, ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করে দিয়েছেন বিরাট।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে নতুন করে ধরা পড়ে তাঁদের তিক্ততার সম্পর্ক৷ দিল্লির ইনিংসের তখন ১৮তম ওভারে। আরসিবির বিরুদ্ধে ১৭৫ রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে পড়েছে দিল্লি। আমন হাকিম খান চালিয়ে খেলছেন৷ কিন্তু ১০ বলে ১৮ রান করে আউট হয়ে যায় তিনি। আমনের ক্যাচ তালুবন্দি করে নেন বিরাট। এর পরেই দিল্লির ডাগআউটের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকান কোহলি। সেখানে তখন বসে রয়েছেন দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
কোহলির ওই কাণ্ডে সৌরভ তাৎক্ষণিক কোনও অভিব্যক্তি না দিলেও, ম্যাচ শেষে বুঝিয়ে দিলেন তিনিও বিরাটের সঙ্গে কথা বলতে আগ্রহী নন। ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলান। সৌরভের ঠিক সামনেই ছিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। তিনি যখন বিরাটের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন পন্টিংকে টপকে বিরাটের পরে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান দাদা৷ ফলে দু’জন মুখোমুখি হননি৷ দুই তারকার হাত না মেলানোর ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
ভাইরাল ভিডিও’য় দেখা গিয়েছে, সৌরভ বা বিরাট কেউই কারও দিকে সৌজন্যমূলক ভাবে হাত মেলাতে এগিয়ে যাননি। সৌরভ বাকি সকলের সঙ্গে হাত মেলালেও বিরাটের দিকে ফিরে তাকাননি। যদিও ব্যাপারটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা স্পষ্ট নয়। এরই মধ্যে জানা গিয়েছে, ইনস্টাগ্রাম থেকে সৌরভকে আনফলো করে দিয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন