কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎগঙ্গোপাধ্যায়। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে এই মামলার শুনানি।
শিক্ষা ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পর পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই-এর উপরেই আস্থা রাখেন তিনি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত শুক্রবার মামলার শুনানির পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ছিল, প্রয়োজনে হুগলির ব্যবসায়ী অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গেল রাজ্য৷
গরু, কয়লা ও শিক্ষায় দুর্নীতির পর গত ২১ তারিখ পুরসভায় দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে সিবিআই নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে বলেও জানান তিনি। পাশাপাশি ডিজিপি এবং মুখ্যসচিবকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেন তিনি৷ এই মামলায় ২৮ এপ্রিল সিবিআইকে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির বাসিন্দা তথা প্রোমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুরসভায় নিয়োগ সংক্রান্ত একাধিক নথি হাতে পায় ইডি। সেই নথি খতিয়ে দেখার পর তদন্তকারী অফিসাররা জানান, একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। যার নেপথ্যে অন্যতম মাথা ছিলেন এই অয়ন। এই বিষয়টি সিবিআইকে জানায় ইডি। এর পরেই পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায় তদন্তের নির্দেশ দেন৷ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন