এটা গানের ব্যাপার নয়...! বাবুলের কাজে নাখুশ মুখ্যমন্ত্রী, ধমক পুলক, স্নেহাশিসদেরও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এটা গানের ব্যাপার নয়...! বাবুলের কাজে নাখুশ মুখ্যমন্ত্রী, ধমক পুলক, স্নেহাশিসদেরও

 

কলকাতা: ঠিক মতো কাজ করছেন না দলের কিছু মন্ত্রী৷ নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে রীতিমতো উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভালো মতো বুঝিয়ে দিলেন, তিনি তাঁদের কাজে কতখানি বিরক্ত৷ বেশ কয়েকজনকে এদিন ধমকও দিলেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে সাফ জানালেন, যাঁরা ভাল কাজ করছেন, তাঁদের পদোন্নতির ব্যবস্থা করা হবে। প্রশাসনিকর বৈঠক থেকে তাঁর স্পষ্ট নির্দেশ, মন্ত্রীরা যেন তাঁর সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন। কেন্দ্রীয় বরাদ্দ না-মিললে রাজ্যে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করার ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি।

নবান্ন সূত্রের খবর, এদিন জেলা পরিষদগুলি নিয়ে বিস্তর অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। তাদের কাজ যে একেবারেই সন্তোষজনক নয়, তা স্পষ্ট করে দেন তিনি। জেলাশাসকদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলেই নির্দেশ তাঁর।

এদিকে, কেন্দ্রীয় অনুমোদন মেলেনি৷ অথচ গঙ্গার ভাঙন রোধের কাজের ঘোষণা করে বসেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক৷ সেই কারণে ধমক খেতে হয় তাঁকে৷ এদিন বকুনি খেয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ও। অভিযোগ, ২০২৪ সালের মধ্যে জলজীবন মিশনের কাজ শেষ করা হবে বলে মমতাকে দিয়ে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে না দফতর। যে সকল জায়গায় জলকষ্ট রয়েছে, সেখানে বিকল্প ব্যবস্থার করা হোক, নির্দেশ মমতার। 

এদিকে, তাঁর সঙ্গে আলোচনা না করে প্রকল্প ঘোষণা করায় সতর্ক করে দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও। পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়ের কাজ নিয়েও তিনি অসন্তুষ্ট৷ ধমক দিয়েই বাবুলকে বলেন, ‘‘ইন্দ্রনীল (মন্ত্রী ইন্দ্রনীল সেন) পর্যটনটা ভাল বোঝে। এটা গানের ব্যাপার নয়। এ ব্যাপারে ইন্দ্রনীলের সঙ্গে কথা বলে নিয়ো।’’ প্রসঙ্গত, ২০২১-এর নির্বাচনের পরে প্রথমবার মন্ত্রী হন পার্থ, পুলক, স্নেহাশিস ও বিজেপি ছেড়ে আসা বাবুল। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন