চার দিনের সিবিআই হেফাজত হল জীবনের, স্ত্রীকে দেখা করার অনুমতি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

চার দিনের সিবিআই হেফাজত হল জীবনের, স্ত্রীকে দেখা করার অনুমতি

 


কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠানো হল। সোমবার বিকেলে সিবিআই বিশেষ আদালত এমনই নির্দেশ দিয়েছে। সিবিআই জীবনকে পাঁচ দিন নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আর্জি জানিয়েছিল। তবে আদালত চার দিনের জন্যই পাঠিয়েছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন তৃণমূল বিধায়ক। এর মধ্যে তাঁর স্ত্রীকে দেখা করার অনুমতিও দেওয়া হয়েছে। তবে তা একদিন। 

এদিন আদালতে সিবিআই দাবি করে জানিয়েছে, নিয়োগ দুর্নীতির সঙ্গে ভীষণভাবে জড়িত এই বিধায়ক। তাঁর বাড়ি থেকে বহু নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে। তাই তাঁকে সিবিআই হেফাজতে রাখে খুব প্রয়োজন। তাঁকে জেরা করে আরও অনেক তথ্য সামনে আসতে পারে বলেই আশা করা হচ্ছে। সিবিআই এও অভিযোগ করে জানিয়েছে, ওএমআর শিট কারচুপির মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত রেখে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন জীবন। আগেই অবশ্য জানা গিয়েছিল, চাকরিপ্রার্থীদের নথি ছাড়াও এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে। তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় ৩ হাজার ৪০০ প্রার্থীর তথ্য। 

শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে চলছিল জিজ্ঞাসবাদ এবং তল্লাশি অভিযান। সিবিআইয়ের ভয়ে নিজের দুটি ফোনও তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন। যদিও ৬৬ ঘণ্টার খোঁজাখুঁজির পর তা উদ্ধার হয়েছে। এছাড়া তাঁর বাড়ি এবং বাড়ির আশপাশ থেকে বিপুল নথি উদ্ধার হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই তাঁর কাছ থেকে আরও অন্তত ১০ জন তৃণমূল বিধায়কের নাম পেয়েছে। তাঁদের সকলকে নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য ওই দুটি ফোনে থাকবে বলে অনুমান করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন