পার্থর আংটিকাণ্ডে জেলের সুপারকেই তলব, আনতে হবে লিখিত জবাব - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পার্থর আংটিকাণ্ডে জেলের সুপারকেই তলব, আনতে হবে লিখিত জবাব

 


কলকাতা: বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আলিপুর আদালতে শুনানির সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তাঁর আঙুলে আংটি দেখিয়ে আদালতে তাঁকে প্রভাবশালী বলে অভিহিত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। এতে স্বাভাবিকভাবে বিড়ম্বনা বাড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। তবে এই ঘটনায় নয়া মোড়। আংটিকাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে তলব করল আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৬ এপ্রিল সুপারকে হাজিরা দিতে হবে এবং লিখিত জবাব আনতে হবে এই বিষয়ে। 

বুধবার শুনানি শুরু হতেই আলিপুর আদালতের বিচারক পার্থকে হাতের আঙুল দেখাতে বলেন। পার্থ হাত তুলে দেখান৷ ঠিক সেই সময়ই ইডির আইনজীবী বলেন, তাঁর হাতের আংটি দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা প্রভাবশালী। জেলের ভিতর হাতে আংটি পরে রয়েছেন। ইডির স্পষ্ট বক্তব্য, পার্থ এতটাই প্রভাবশালী যে জেলের নিয়ম ভেঙে আংটি পরে ঘুরছেন। যদিও তা মানতে চাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর কথায়, জেলের এই নিয়ম উনি জানবেন না এটাই স্বাভাবিক। ওদিকে পার্থ বলেন, স্বাস্থ্যের কারণেই তিনি আংটি পরে আছেন। দু’পক্ষের সওয়াল, জবাব শোনার পর প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 

ইডি অবশ্য এই প্রসঙ্গে জেল কোডের কথা উল্লেখ করেছে। তাদের বক্তব্য, জেল কোডের ৯৬০, ৫০৪ এবং ৫০৩ নম্বর ধারা অনুযায়ী জেলে ঢোকার পরই সমস্ত অলঙ্কার খুলে ফেলতে হয়। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তা করেননি। এর থেকেই বোঝা যায় তিনি প্রভাবশালী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন