কলকাতা: মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে সরকারি কর্মচারী সংগঠনের তিন সদস্য বৈঠক করবেন৷
কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ। কিন্তু, রাজ্য বাজেটে মাত্র ৩ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব দেয় রাজ্য৷ এদিকে, প্রাপ্য ডিএ না মেলায় কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারীরা। এই আন্দোলনের ধাক্কায় সরকারি প্রতিষ্ঠানগুলির কাজ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি৷
এদিন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ১৭ এপ্রিল কর্মচারী সংগঠনের তিন সদস্যের সঙ্গে ডিএ নিয়ে আলোচনায় বসতে হবে রাজ্যকে। উপস্থিত থাকবেন মুখ্য সচিব এবং অর্থ সচিব৷ ওই আলোচনা থেকে যাতে ইতিবাচক সিদ্ধান্তে আসা যায়, তার উপর নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ডিএ সংক্রান্ত জটিলতার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ায়া জরুরি৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন