দরকারে শাড়ির আঁচল পেতে ভিক্ষা করব, দিল্লির কাছে টাকা চাইব না: মমতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

দরকারে শাড়ির আঁচল পেতে ভিক্ষা করব, দিল্লির কাছে টাকা চাইব না: মমতা



কলকাতা: শুক্রবার আলিপুরে নবনির্মিত ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে অডিটোরিয়াম।  উদ্বোধনী মঞ্চ থেকে এদিন আরও একবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন মমতা৷ অতীতেও মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, নিজেদের যা আছে তাই দিয়েই করব। দিল্লির টাকা চাই না। এদিন ধনধান্য অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বললেন, ‘‘শাড়ির আঁচল নিয়ে ভিক্ষে করব। তবু দিল্লির কাছে চাইব না।’’

এদিন মমতা বলেন, ‘আমার নিজের বলে কিছু নেই৷ মানুষের কাছে একটা চাওয়ার, মানুষ যেন আমাদের ভুল না বোঝে৷ কখনও কখনও অর্থ পারমিট করে, কখনও করে না৷ আমাদের অনেক টাকা আটকে রাখা হয়েছে৷ শুনেছি ২০২৪ পর্যন্ত দেবেও না৷ না দিক, দরকার হলে ভিক্ষে মাঙ্গব৷ শাড়ির আঁচত পাতব৷ কিন্তু দিল্লির কাছে ভিক্ষা মাঙ্গতে যাব না৷ যেমন ভাবে হোক ঠিক চালিয়ে নেব৷’’ 

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশ দিনের কাজের টাকা পেতে দিল্লি ঘেরার কর্মসূচি নিচ্ছে তৃণমূল৷ যদিও অন্যান্য প্রকল্পের টাকার সঙ্গে একশ দিনের কাজের টাকাকে আলাদা করে দেখতে বা দেখাতে চাইছে তৃণমূল কংগ্রেস। অভিষেক স্পষ্ট বলেছেন, ‘দিল্লি রাস্তার টাকা দিচ্ছে না। তাও মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে পথশ্রী প্রকল্প শুরু করেছেন। কিন্তু ১০০ দিনের কাজের টাকা বাংলার প্রাপ্য। ১৭ লক্ষ পরিবারের লোক কাজ করে বসে আছেন। তাঁরা তাঁদের ঘামের দাম পাবেন না?’

এ প্রসঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে হারে চুরি হয়েছে তাতে তাঁর সরকার কেন্দ্রীয় সরকারকে হিসাব দিতে পারবে না। তাই এখন আঁচল পেতে ভিক্ষা করার কথা বলছেন।’ তোপ দেগে সুকান্ত আরও বলেন, ‘‘চোর এখন ভিক্ষুকের ছদ্মবেশ ধরতে চাইছে। মানুষ যেটা ধরার সেটা ধরে ফেলেছে!’

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের আর্থিক অবরোধ ও বঞ্চনার বিরুদ্ধে ২৯-৩০ মার্চ রেড রোডে দু’দিন ব্যাপী ধর্না কর্মসূচি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই তাঁর ‘আঁচল পেতে ভিক্ষে করব তবু দিল্লির কাছে চাইব না’- এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷  সেই সঙ্গে আগামী দিনে আরও উন্নয়ন হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন