কলকাতা: ফের কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ বাড়ি তৈরিতে ৩ লক্ষ টাকার কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে কামারহাটির কাউন্সিলর নির্মলা রাইয়ের বিরুদ্ধে। তিনি নাকি লোক পাঠিয়ে এই টাকা চেয়ে পাঠিয়েছেন৷ কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দা মিনারা খান। তাঁর দাবি, নিজের জমিতে ঘর তোলার জন্য লোক পাঠিয়ে ৩ লক্ষ টাকা চেয়েছেন কাউন্সিলর৷ যদিও এই অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে অভিযোগ উঠতেই কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে রেল লাইনের পাশে সপরিবার থাকেন মিনারা খান নামে ওই মহিলা। সেখানে নিজের জমির উপরেই ঘর তুলবেন বলে ঠিক করেন তিনি। সেখানে ঘর করবেন বলে ঠিক করেন তিনি। কিন্তু এখানেও কাঁটা হয়ে দাঁড়ায় কাটমানি৷
মিনারা সাফ জানান তিনি টাকা দিতে পারবেন না। তাঁর সাফ কথা, ‘‘আমি আমার জমিতে ঘর করার জন্য কেন কাউন্সিলরকে টাকা দেব? কাউন্সিলর নিজে সরাসরি টাকা চাইছেন না৷ লোক দিয়ে বলাচ্ছেন তাঁর ৩ লক্ষ টাকা চাই। আমি এত টাকা কোথায় পাব?’’ এদিকে, এ বিষয়টি জানাজানি হতেই কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, “কোনও বাসিন্দা যদি লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করেন, আমরা সেই অভিযোগ খতিয়ে দেখব। অভিযোগ সত্যি প্রমাণিত হলে সে যেই হোক না কেন, ব্যবস্থা নেওয়া হবে। নির্মলার থেকে অনেক বড় নেতা পার্থ চট্টোপাধ্যায়। সেও কিন্তু আজ এক বছর হতে চলল জেলে আছে। বাড়ি করবে বলে ৩ লক্ষ টাকা চাওয়াটা অপরাধ।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের কাছে এই মুহূর্তে কোনও কাগজপত্র নেই। তবে তথ্যপ্রমাণ পেলে আর এক মুহূর্ত দেরি করা হবে না। আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে খবরাখবর নেওয়া শুরু করেছি।’’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন