কলকাতা: বাতাসে বইছে আগুনের হলকা৷ রোদের তেজে গায়ে ফোস্কা পড়ার জোগাড়! দিন দুপুরে রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। চৈত্রের শেষ থেকেই গরমের দাপটে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি রব। বৈশাখের শুরু থেকই বৃষ্টির অপেক্ষা। এরই মধ্যে আগামী প্রায় এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত গরমের এই দহন কমবার কোনও লক্ষণই নেই। উল্টে আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। ফলে কাঠফাটা গরম আরও প্রায় এক সপ্তাহ সইতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে।
কিন্তু বৃষ্টি হবে কবে? হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাসের শুধুই তাপপ্রবাহের ইঙ্গিত৷ আগুনে হলকা হাওয়ায় জারি কমলা সতর্কতা।
বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই ছিল। বেশ কয়েকটি জায়গায় আবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়৷ কলকাতাতেই পারদ পৌঁছেছিল ৪১ ডিগ্রিতে। কোনও কোনও জেলায় ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল৷ রবিবারও ফোসকা পড়া গরম ছিল দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় একই রকম পরিস্থিতি থাকবে। এই মুহূর্তে আবহাওয়া পরিবর্তনের সম্ভবনা নেই৷
গরমের তাপ পৌঁছেছে উত্তরবঙ্গের দুই জেলাতেও৷ দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে এই দুই জেলায় ২০ তারিখ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দক্ষিণের জেলাগুলিতে সেই সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন