দক্ষিণের চার জেলায় বৃষ্টির ইঙ্গিত! কবে বন্ধ হবে তাপপ্রবাহ? যা জানাচ্ছে হাওয়া অফিস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

দক্ষিণের চার জেলায় বৃষ্টির ইঙ্গিত! কবে বন্ধ হবে তাপপ্রবাহ? যা জানাচ্ছে হাওয়া অফিস





কলকতা: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ৷ হাঁসফাঁস করা গরমে উঠেছে নাভিশ্বাস৷ চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করে বসে আছে সকলে৷  এই অবস্থায় খানিক স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তাতে ক্ষণিকের স্বস্তি তো মিলবে৷ উল্লেখ্য, সপ্তাহান্তে তাপপ্রবাহের পূর্বাভাসও দেয়নি হাওয়া অফিস৷ 

মঙ্গলবার সকালের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই গরমের দাপট বজায় থাকবে। জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও থাকবে। তবে শুক্রবার থেকে হাঁসফাঁস করা গরম কিছুটা কমতে পারে। আপাতত শুক্র এবং শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বেলা গড়াতেই লু বইবে এই জেলাগুলিতে। 

বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতি থাকলেও,  ক্ষণিকের বৃষ্টি এসে তীব্র জ্বলনে স্বস্তির প্রলেপ দিতে পারে মেদিনীপুরে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির ছোঁয়া পাবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াও। শনিবারও ওই দুই জেলায় অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২১ এবং ২২ এপ্রিল উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলা-দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।   

বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হলেও সামগ্রিকভাবে এখনই দক্ষিণবঙ্গে স্বস্তির বার্তা দিতে পারছে না হাওয়া অফিস। তারা জানাচ্ছে, এখনই সে ভাবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প রাজ্যের বাতাসে প্রবেশ করছে ঠিকই, তবে তা বৃষ্টি হওয়ার জন্য পর্যাপ্ত নয়৷ এতে ফিরেছে প্যাঁচেপ্যাঁচে গরম৷ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন