কলকাতা: তীব্র দাবদাহের হাত থেকে পড়ুয়াদের খানিক স্বস্তি দিতে এক সপ্তাহের জন্য বন্ধ ছিল স্কুল৷ যদিও বৃষ্টি নামায় সেই দহন জ্বালায় কিছুটা প্রলেপ পড়েছে৷ সোমবার থেকে স্কুল চালুও হয়ে গিয়েছে৷ তবে গরমের ছুটি পিছনো হচ্ছে না৷ আগামী ২ মে থেকেই সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাবে৷ বুধবার আরও একবার সে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২ মে-র আগের দিন সোমবার, মে দিবস৷ সেদিন স্কুল ছুটি থাকবে। তার আগের দিন রবিবার। ফলে, শনিবারই শেষ স্কুল৷ তার পরেই শুরু হয়ে যাবে সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি৷ তবে লম্বা ছুটি কাটিয়ে কবে স্কুল খুলবে তা এখনও জানানো হয়নি৷ পরে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে শিক্ষা দফতর।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে সরকারি স্কুলে গ্রীষ্ণের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয় তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷ ২ মে থেকে গরমের ছুটি পড়বে বলে জানান তিনি। পরে তাপপ্রবাহের প্রকোপ আরও বাড়ায় ১৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য সরকারি স্কুলে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এখন আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে৷ কমেছে তাপপ্রবাহ৷ বদলে যাওয়া পরিস্থিতিতে শিক্ষকদের দাবি ছিল, ২ মে নয়, পূর্ব নির্ধারিত সূচি মেনে ২৪ মে থেকেই গ্রীষ্মের ছুটি দেওয়া হোক। তবে সেই দাবি কার্যত খারিজ হয়ে গিয়েছে৷
এদিকে, প্রবল তাপপ্রবাহের জেরে রাজ্যের অধিকাংশ বেসরকারি স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে, সেই সব স্কুলে পুরোদমে অনলাইন ক্লাস চলেছে। বেসরকারি স্কুলগুলিতে নিয়মিত স্কুল শুরু হয়ে গিয়েছে৷ অধিকাংশ স্কুলেই গ্রীষ্মের ছুটি শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন