নয়াদিল্লি: একদিকে বাড়ছে গরমের দাপট। পাল্লা দিয়ে চোখ রাঙাচ্ছে করোনা। ক্রমেই বাড়ছে কোভিড সংক্রমণ। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গন্ডি ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ১১,১০৯। টানা ৫ দিন দেশে করোনা সংক্রমণের হার একই ভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৯ জন কোভিড আক্রান্তের। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। সেখানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। সুস্থতার হার স্বস্তি দিলেও, মাথা ব্যথার কারণ হল করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ৷
কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৯২.৩৪ কোটি কোভিড টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ২,২৯,৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪.৪২ শতাংশ। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.১ শতাংশ। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৮৩০ জন। তবে বৃহস্পতিবার এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের উপরে চলে যায়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন যে, দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দেশ জুড়ে আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও, এর পর ধীরে ধীরে তা কমতে শুরু করবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন