আসছে জ্বালা ধরানো গরমের দিন! এপ্রিল-জুনেই কি তাপপ্রবাহ? যা জানাচ্ছে আবহাওয়া দফতর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

আসছে জ্বালা ধরানো গরমের দিন! এপ্রিল-জুনেই কি তাপপ্রবাহ? যা জানাচ্ছে আবহাওয়া দফতর






কলকাতা: ঝড়-বৃষ্টির পর্ব মিটিয়ে এসেই গেল গ্রীষ্ম৷ এপ্রিল মাসে যে সূর্যের দাপট বাড়বে, সে আর নতুন খবর কী! কিন্তু প্রশ্ন হল, ভরা চৈত্রে কতটা চড়বে পারদ? ইন্ডিয়া মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট জানাচ্ছে, চলতি মরশুমে দেশের বেশির ভাগ অংশে বিশেষত দেশের উত্তরপশ্চিম অংশে স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রা৷ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উষ্ণতার বাড়বাড়ন্ত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 


মৌসম ভবন আরও জানাচ্ছে, ক্রমেই গোটা দেশে তাপমাত্রা বাড়বে৷ তবে মধ্যভারত, পূর্ব ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহ চলবে। গরমের জ্বালা বাড়বে বাংলাতেও৷ বসন্তের বৃষ্টি-ঝোড়ো হাওয়ায় এই ক’দিন বেশ মনোরম ছিল আবহাওয়া। তবে আবহাওয়ার যে বিরাট পরিবর্তন আসতে চলছে, সেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও। সোমবার থেকে বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। 


আইএমডির ডিরেক্টের জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানিয়েছেন, এবার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানায় টানা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ উপকূলীয় ভারত ও উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা থাকতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন।



এর উপর আশঙ্কার বিষয় হল বৃষ্টির স্বল্পতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি বছর গ্রীষ্মে বৃষ্টির প্রলেপে স্বস্তি ফেরার সম্ভাবনা খুবই কম। গত কয়েকদিন ধরেই কলকাতায় আকাশের মুখ ছিল ভার। ঝড়বৃষ্টিও হয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। উল্টে বাড়বে হাঁসফাঁস করা গরম। তীব্র দাবদাহে নাকাল হতে হবে রাজ্যবাসীকে৷ গরম নিয়ে মানুষের কৌতুহল এখন তুঙ্গে৷ তবে এবিষয়ে একেবারেই আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আইএমডি জানাচ্ছে, এপ্রিল থেকে জুনের মধ্যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷  তবে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম, মধ্য় ও উপকূলীয় এলাকায়। 



গোটা উত্তর ভারতের পাশাপাশি তাপপ্রবাহের দাপট বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও৷ গড়পড়তা গরমের চেয়ে চলতি বছর বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷ গ্রীষ্মের প্রবল দাবদাহে বিপর্যস্ত হতে পারে জনজীবন৷ এপ্রিলে রাজ্যবাসীর কপালে আর বৃষ্টির বারিধারাও নেই৷ তেমনটাই ইঙ্গিত আবহবিদদের৷


তবে উত্তরের পার্বত্য এলাকার পাঁচ জেলায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামি ঝড়ের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামী কয়েক দিন দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন