চন্দ্রকোনা: অতীত ঘেঁটে দেখলে বলা যাবে যে রাজনীতিতে এই ধরনের কৌশল আগেও নেওয়া হয়েছে এবং তা নিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালে দাঁড়িয়ে কার্যত এই পন্থা নতুনভাবে নিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবার অবশ্য তা মমতারই বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার সভামঞ্চ থেকে নিজের 'নতুন রূপ' প্রকাশ করলেন তিনি। না কোনও মেকওভার নয়, আসলে তাঁর গায়ে দেওয়া একটি গেঞ্জি সব লাইমলাইট কেড়েছে।
শুভেন্দু অধিকারীর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার সভা নিয়ে দোলাচল ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেই সভা হল এবং সেখান থেকেই আগামী দিনের রাজনৈতিক উদ্দেশ্যে আরও স্পষ্ট করলেন শুভেন্দু। একটি সাদা গেঞ্জি পরতে দেখা গেল তাঁকে, যাতে লাল কালিতে লেখা 'নো ভোট টু মমতা'। সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে বাম-কংগ্রেস জোটপ্রার্থী জেতার পর থেকেই এই স্লোগান তোলেন বিজেপি নেতা। আর এখন এটাকেই মূল লক্ষ্য করেছেন তিনি, সেটা এদিন বুঝিয়ে দিলেন। আজকের শুভেন্দুর এই গেঞ্জি স্পষ্ট বার্তাই দিল যে, বাংলা থেকে তৃণমূলকে সাফ করাই তাঁর প্রধান লক্ষ্য।
একটু পুরনো দিনে ফিরে গেলে দেখা যাবে, সিপিএমকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে একই ধরনের পন্থা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি এমন লেখা কোনও গেঞ্জি বা শাড়ি কিছু পরেননি, তবে তাঁর মূল উদ্দেশ্যই ছিল, সিপিএম হটাও, দেশ বাঁচাও। বোঝাতে চেয়েছিলেন, আগে সিপিএমকে ক্ষমতা থেকে সরাতে হবে। তার পরে যা হবে দেখা যাবে। এখন মূলত সেই একই কথা তৃণমূলের বিরুদ্ধে বলছেন শুভেন্দু অধিকারী। নিজেদের ক্ষমতায় আসার থেকেও যেন বেশি প্রাধান্য দিচ্ছেন তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন