পুলিশকর্মীদের বেধড়ক মারধর কালিয়াগঞ্জে, খাটের তলায় ঢুকে অনুরোধেও লাভ হল না - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

পুলিশকর্মীদের বেধড়ক মারধর কালিয়াগঞ্জে, খাটের তলায় ঢুকে অনুরোধেও লাভ হল না

 


কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনা নিয়ে এর আগে উত্তাল হয়েছে পরিস্থিতি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ, পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার আবার থানা এবং ওই চত্বরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। কিন্তু সম্প্রতি যা ঘটল তা নজিরবিহীন বটে। উন্মত্ত জনতার হাতে মার খেতে হল খোদ পুলিশদের! শুধু মার নয়, লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে পুলিশের ওপর। এমন সব ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। তা নিয়েই এখন চলছে তোলপাড়। 

জানা গিয়েছে, মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানকার পুলিশকর্মীরা স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানে ঢুকে পড়েন প্রতিবাদী উন্মত্ত জনতা। ব্যস, তারপর চলে বেধড়ক মারধর। জনতার হাত থেকে বাঁচতে খাটের তলায় ঢুকেছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। তারাও রক্ষা পাননি। এমনকি হাত জোড় করে অনুরোধ করার পরেও কোনও ফল মেলেনি তাদের। বিক্ষোভকারী জনতা তাদের ব্যাপক মারধর করে। বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। কেউ মাথার হেলমেট ভেঙে আঘাত পেয়েছেন, কারোর মাথা ফেটেছে। যদিও যে ছবি ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করেনি আজ বিকেল। 

কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। শুক্রবার সকালে বাড়ির কাছেই পুকুর পাড়ে তার দেহ উদ্ধার হয়। অনুমান, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনাতেই প্রথমে উত্তাল হয় ওই এলাকা। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছিল রাজবংশী তপশিলি আদিবাসী সমন্বয় কমিটি। তারা দোষীদের দ্রুত এবং কড়া শাস্তির দাবি করেছে। এই কর্মসূচি থামাতে পুলিশ একাধিক জায়গায় ব্যারিকেড দিয়েছিল। তবে সেই ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এরপরেই পরিস্থিতি প্রায় হাতের বাইরে যেতে শুরু করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন