কলকাতা: অনুব্রতর 'পাপ' কি স্পর্শ করল মেয়েকেও? সত্যিই কি ইনোসেন্ট অনুব্রত কন্যা? সুকন্যার গ্রেফতারিতে উঠছে বহু প্রশ্ন! গরু পাচার কাণ্ডে নয়া মোড়। এই মামলায় এবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করল ইডি। অর্থাৎ অনুব্রতর 'পাপ' সরাসরি স্পর্শ করল মেয়ে সুকন্যাকেও। বুধবার নয়াদিল্লিতে ইডি'র সদর দফতরে দীর্ঘ জেরার পরেই গ্রেফতার করা হয় সুকন্যাকে৷ ইডি সূত্রের দাবি, কোটি কোটি টাকা নগদে জমা পড়েছে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ সুকন্যার মালিকানাধীন চালকলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। একই সঙ্গে সুকন্যার নামে কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধানও পাওয়া গিয়েছে৷ বিদেশ থেকেও নাকি সুকন্যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এমনটাই খবর ইডি সূত্রে।
যদিও সুকন্যার দাবি তিনি নাকি এসবের কিছুই জানতেন না। সব কিছুই জানতেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল এবং হিসেবরক্ষক মণীশ কোঠারি। তাই প্রশ্ন, সত্যিই কি সুকন্যা এতটাই ইনোসেন্ট? এত কিছু ঘটে গিয়েছে তাঁকে কেন্দ্র করে, আর তিনি এসবের কিছুই জানতেন না? এত অনিয়মের চক্রে তিনি ঢুকে পড়েছেন, আর একজন স্কুল শিক্ষিকা হয়ে তার সামান্যতম আন্দাজ পাননি তিনি?সব কিছু যে ঠিকঠাক ভাবে চলছিল না, তাও বুঝতে পারেননি তিনি? নাকি বুঝেও না বোঝার ভান করে গিয়েছেন তিনি? সুকন্যার গ্রেফতারির পরেই এই সমস্ত প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠতে শুরু করেছে।
ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে তাতে সুকন্যা যে কোনও মুহূর্তে গ্রেফতার হবেন সেটা বোঝাই যাচ্ছিল। আর সুকন্যা সেটা ভাল করে বুঝতে পেরেছিলেন বলেই তিনি বারবার ইডির তলব এড়িয়েছেন। শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা দেননি দিল্লিতে। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা করতে পারলেন না। আর গোটা ঘটনার জন্য নিশ্চয়ই জেলে বসে এখন প্রবল আফসোস করছেন বাবা অনুব্রত। মেয়ে গ্রেফতার হওয়ার জন্য তিনিই যে দায়ী সেই উপলব্ধি এতক্ষণে নিশ্চয়ই হয়েছে অনুব্রতর। তাই ডাবল মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ও তাঁর মেয়ের যে এমন পরিণতি হবে সেটা এক বছর আগেও সামান্যতম টের পাওয়া যায়নি। কিছুদিন আগের কথা। বীরভূম জেলার তৃণমূল নেতারা তাঁর খোঁজখবর নিচ্ছেন না বলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল সুকন্যাকে।
ঘটনা হল সচেতনভাবেই বীরভূমের তৃণমূল নেতৃত্ব সুকন্যার সঙ্গে আর যোগাযোগ রাখতে চাননি। পাছে তাঁরা ফেঁসে যান সেই ভয়েই কী সুকন্যার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছিলেন তাঁরা? সুকন্যা গ্রেফতার হবেন এটা কী তাঁরাও বুঝতে পেরেছিলেন? এই চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে সুকন্যার গ্রেফতারি রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে নয়া মাত্রা যোগ করল। এবার অনুব্রত-সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানা যাচ্ছে। তাই গরু পাচার মামলায় আগামী দিনে নতুন করে কোনও বিস্ফোরক তথ্য উঠে আসে কিনা এখন তারই অপেক্ষা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন