বড়ঞা: তিন দিন ধরে নাগাড়ে তল্লাশি চালানোর পর অবশেষে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পুকুরে ছুড়ে ফেলা একটি মোবাইল উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ জানা গিয়েছে, আরও একটি মোবাইল পুকুরের জলে ছুড়ে ফেলেছিলেন বিধায়ক৷ তবে সেই মোবাইলটির হদিশ এখনও মেলেনি। তার খোঁজে তল্লাশি চলছে। দু’টি ফোন হাতে চলে এলে নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় তথ্য হাতে আসবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷
এদিকে, প্রায় ৩২ ঘণ্টা ধরে পুকুরের জল তোলার পর একটি মোবাইল উদ্ধার করে সিবিআই। রবিবার সকাল সাড়ে সাতটার একটু আগে পুকুরের জল ছেঁচে ফেলার কাজ শেষ হয়। পুকুরের পাঁকের মধ্যে থেকে একটি মোবাইল উদ্ধার করে আনা হয়। স্থানীয় কিছু শ্রমিক ও মৎস্যজীবীরা সিবিআইকে মোবাইল উদ্ধারের কাজে সাহায্য করেন। দ্বিতীয় ফোনটি খুঁজে বার করতে চিরুনি তল্লাশি চালছে ওই পুকুরে।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআই-কে দেখেই তিনি নিজের দু’টি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। এর পরেই পুকুরে শুরু হয় চিরুনিতল্লাশি৷ ৩২ ঘণ্টা পর উদ্ধার হয় একটি মোবাইল৷
মোবাইল উদ্ধারের পর বড়ঞায় পৌঁছন সিবিআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনটি খতিয়ে দেখছেন। ওই পুকুরটি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী৷ কাউকে পুকুরের কাছে আসতে দেওয়া হচ্ছে না। দ্বিতীয় মোবাইল ফোনটি উদ্ধারের জন্য পুকুরে এখনও তল্লাশি চলছে।
এ দিকে, জীবনকৃষ্ণ বাড়ির ভিতরেই রয়েছেন। তাঁকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সকালে আবার নতুন করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন