কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি সিবিআই-এর৷ এ বার চিঠি এল আগের ‘ভুল’ শুধরে৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্তা ও আদালত অবমাননার অভিযোগ করেছিলেন অভিষেক। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরেও সিবিআইয়ের নোটিস নিয়ে সোমবার সন্ধ্যায় টুইট করেছিলেন তৃণমূল সাংসদ। সেই অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই ফের তাঁকে চিঠি পাঠাল সিবিআই৷ সেই চিঠিতে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে যে নোটিস পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হল।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। সেই মামলার শুনানিতে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। অথচ আদালতের রায়ের পরেও জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে চিঠি পাঠায় সিবিআই। যার তীব্র বিরোধিতা করে তৃণমূল৷
সিবিআই-এর চিঠি নিয়ে শোরগোল পড়তেই মঙ্গলবার সকাল সকাল নতুন করে চিঠি পাঠায় সিবিআই৷ অভিষেককে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই নোটিস স্থগিত রাখা হল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন